রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
খেলা
08 Nov, 2026

ইয়ামালের পায়ে বল নিতে দেবে না পিএসজি!

স্পোর্টস ডেস্ক : ২০ অক্টোবর ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ন খেলা
স্পোর্টস ডেস্ক : ২০ অক্টোবর ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ন
ইয়ামালের পায়ে বল নিতে দেবে না পিএসজি!

হেভিওয়েট চ্যাম্পিয়নস লিগ ম্যাচে মঙ্গলবার পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলে টানা ১১ ম্যাচ জিতে চলতি মৌসুমে এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে তারা। এই দলকে থামাতে হলে ভালোর চেয়েও ভালো কিছু করতে হবে ফরাসি ক্লাবকে। কোচ লুইস এনরিকে জানেন সেই উপায়, লামিন ইয়ামালকে থামাতে হবে।

গত বছর পিএসজি ২-১ গোলে বার্সেলোনাকে হারিয়েছিল। সেই ম্যাচে তাদের লেফট ব্যাক নুনো মেন্দেসের সঙ্গে ইয়ামালের লড়াই ছিল দেখার মতো। কিন্তু পর্তুগালের আন্তর্জাতিকত ফুটবলার ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না। ইয়ামালের লড়াই হবে এবার লুকাস দিনের সঙ্গে। তবে এনরিকের মতে, বার্সা উইঙ্গারের শক্তি মোকাবিলায় দলগত প্রচেষ্টা হবে গুরুত্বপূর্ণ ব্যাপার।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এনরিকে বললেন, ‘ইয়ামালকে থামানোর সেরা উপায় হলো বার্সেলোনার কাছ থেকে বল দূরে রাখা। সে যদি বল না পায়, সবকিছু ঠাণ্ডা থাকবে। এটাই হবে আদর্শ, কিন্তু আমরা জানি সেটা হচ্ছে না। কারণ বার্সেলোনা ও লামিন ইয়ামালের বিপক্ষে খেলা কঠিন।’

তিনি আরও বলেন, ‘তাদের মানের দলকে প্রতিহত করার উপায় হলো সতর্ক থাকা এবং দলগত খেলা। কিন্তু এটা শুধু লামিন নয়, রাফিনিয়া, পেদ্রি... আরও অনেক সেরা খেলোয়াড় আছে।’

১১ ম্যাচ জয়ের পথে বার্সার জার্সিতে ৯ গোল ও ১০ অ্যাসিস্টে দুর্দান্ত ফর্মে আছেন ইয়ামাল। ১৫ বছর বয়সে মাঠে নামার পর থেকে প্রায়শই লিওনেল মেসির সঙ্গে তাকে তুলনা করা হয়। তিনিও একই পজিশন ও একই ১০ নম্বর জার্সিতে খেলেন। কিন্তু বার্সায় মেসির কোচ হিসেবে থাকা এনরিকে এমন তুলনায় আপত্তি জানালেন।

তিনি বলেন, ‘আমি মনে করি লামিন লামিন হতে চায় এবং সে খুব ভালো করছে। খেলার সবদিক থেকে সে উন্নতি করছে। কিন্তু সর্বকালের সেরা খেলোয়াড়ের সঙ্গে যদি তাকে তুলনা করেন, তাহলে একজনই বিজয়ী হবে। সম্ভবত আমরা এনিয়ে  ভবিষ্যতে কথা বলতে পারি। কিন্তু ঠিক এখন মেসির সঙ্গে তাকে তুলনা করা ভালো ব্যাপার নয়।’