রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
08 Nov, 2026

জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ ফিরিয়ে দিয়েছিলেন : ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ০৭ নভেম্বর ২০২৬ ০৪:৩৩ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ০৭ নভেম্বর ২০২৬ ০৪:৩৩ অপরাহ্ন
জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ ফিরিয়ে দিয়েছিলেন : ভূমিমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ ফিরিয়ে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, জিয়াউর রহমান সবসময় দেশের ও মানুষের কল্যাণে কাজ করেছেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ও নেতৃত্ব ছিল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

শনিবার (৭ নভেম্বর) সকালে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ৭টায় মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল।

এ সময় মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরশাদ কিংবা আইয়ুব খানের মতো পেছনের দরজা দিয়ে বা স্বৈরাচারী কায়দায় রাষ্ট্রক্ষমতায় আসেননি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি অতীতে অনেক পরীক্ষার মুখোমুখি হয়েছেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান ছিল সর্বোচ্চ পর্যায়ের।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানকে সামনে রেখেই এ দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ ও অর্থ উপলব্ধি করতে পেরেছিল। তাঁর প্রদর্শিত আদর্শ ও রেখে যাওয়া পথ অনুসরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের মানুষের কল্যাণ ও অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।

এদিকে, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে এ সভায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, আরএমপির কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির ও জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ও জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব তুলে ধরা হয়।