বিপ্লব ও সংহতি দিবসের প্রেরণায় দেশ গড়তে হবে: রামেবি উপাচার্য
১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহী-জনতার বিপ্লবের লক্ষ্য ও প্রেরণা ধারণ করে জাতীয় সংহতি প্রতিষ্ঠা, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক।
শনিবার (৭ নভেম্বর) মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন কোষাধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন খোন্দকার।
পতাকা উত্তোলন শেষে দিবসটির ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপাচার্য। এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ডা. মো. শাহ আলম, পরিচালক (অর্থ ও হিসাব) মো. নাজিমুদ্দীন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. আব্দুল ওয়াদুদ, সহকারী রেজিস্ট্রার ডা. মো. সিরাজুল ইসলাম, সহকারী কলেজ পরিদর্শক ডা. মনিরুল ইসলাম এবং সহকারী পরিচালক (অর্থ) খাইরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতীয় ঐক্য ও সংহতি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, দেশ ও জাতির কল্যাণ এবং বিভিন্ন জাতীয় আন্দোলন-সংগ্রামে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোববার (৮ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে।