শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
২৭ রানেই তিন উইকেট হারিয়ে ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুটা যে ইঙ্গিত দিচ্ছিল সেটা যেন ধীরে ধীরে মিইয়ে যাচ্ছে। তাসকিন আহমেদের জোড়া এবং হাসান মাহমুদের এক আঘাতের পর চতুর্থ উইকেটে ৫৯ রানের জুটি গড়েছে ক্যারিবীয়রা। ফলে মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের বিপক্ষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৮৬ রান।
১৮ বলে ৯ রান করেই ফিরলেন কিং। ১৩ রানে ক্যারিবীয়রা প্রথম উইকেট হারাল। ১ রানের ব্যবধানে ওয়ানডাউনে নামা হজও ফিরেছেন প্রায় একইভাবে। পরের ওভারে তার জন্য হাসানের করা একটি ইনসুইং অফ স্টাম্পের ওপর দিয়ে যায়। তিনি সেটি ছেড়ে দিয়েছিলেন। একইভাবে এক বলের ব্যবধানে আরেকটি ডেলিভারি ছেড়ে দেওয়ার চেষ্টা করতেই বল স্কিড করে তার মিডল স্টাম্পের বেলে আঘাত করে। ১ রানেই থামলেন হজ।
এর আগে একাদশে দুটি করে পরিবর্তন নিয়ে সিলেট টেস্টে নেমেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ায় ওপেনার জনাথন ক্যাম্পবেল ও তেজনারায়ণ চন্দরপল খেলছেন না সিলেট টেস্ট। তাদের জায়গায় উইকেটরক্ষক জশুয়া ডি সিলভা এবং অভিষেক হয়েছে কেভিন উইকহ্যামের।