রুয়েটে নানা আয়োজনে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
দিবসের কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও আবাসিক হলগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে রাজশাহীর স্থানীয় তিনটি মাদ্রাসার শতাধিক এতিম শিশুর মধ্যে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, অধ্যাপক ড. নিয়ামুল বারী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল এবং ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসলাম সিদ্দিকী।
শিক্ষা উপকরণ বিতরণকালে অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার শিশুদের কাছে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য এবং দেশের গণতান্ত্রিক যাত্রায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরেন।
এদিকে, দিবসটি উপলক্ষে ছাত্রকল্যাণ দপ্তরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস—শিক্ষা, ঐক্য ও প্রগতি’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ ছাড়া যোহরের নামাজের পর রুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দিবসটি উপলক্ষে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে অংশগ্রহণকারী বীর সেনানী ও দেশপ্রেমিক জনতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। এক বক্তব্যে তিনি ৭ নভেম্বরকে জাতীয় জীবনের অবিস্মরণীয় দিন হিসেবে উল্লেখ করে বলেন, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক যাত্রার ক্ষেত্রে দিনটি দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ।