একের পর এক ইতিহাস গড়ে চলেছেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান
মায়ের দিক থেকে জার্মান-বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান যেন উড়ছেন। চলতি মাসে বয়স ১৭ পূর্ণ হবে। এরই মধ্যে একের পর এক ইতিহাস গড়ে চলেছেন এই মিডফিল্ডার।
সান ডিয়েগো এফসির বিপক্ষে ফিলাডেলফিয়ার ৫-০ ব্যবধানের জয়ে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন সুলিভান। তাতে মেজর লিগ সকারে ম্যাচডের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই সাফল্য পেলেন ১৬ বছর ৩৫১ দিন বয়সী সুলিভান।
এমএলএসে এই প্রথমবার এক ম্যাচে দুই গোল করলেন সুলিভান। এনিয়ে তিনি তার খেলা শেষ সাত ম্যাচের প্রত্যেকটিতে অন্তত একটি করে গোলে অবদান রাখলেন, যা এমএলএস ইতিহাসে কোনো কিশোরের দীর্ঘতম ধারা।
এই ১৬ বছর বয়সী স্থানীয় খেলোয়াড় ফিলাডেলফিয়াকে ফিফা বিশ্বকাপের বিরতির পর থেকে টানা ১০ ম্যাচ (জয় ৮, ড্র ২) অপরাজিত থাকতে সাহায্য করেছেন। দলকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে সাতে তুলে অডি এমএলএস কাপ প্লে অফের অবস্থানে রেখেছেন।
এই মৌসুমে সুলিভান ১৭ গোলে অবদান রেখেছেন। গোল ৬টি ও অ্যাসিস্ট ১১। এমএলএস ইতিহাসে কোনো কিশোরের যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। শেষ ম্যাচে প্রথমার্ধের ইনজুরি টাইমে গোলমুখ খোলেন চমৎকার ব্যাকহিল ফ্লিকে। তারপর ৬২তম মিনিটে ১৮ গজের বক্সের মধ্যে বল পেয়ে গোলকিপারের দুই পায়ের ফাঁক গলে দ্বিতীয় গোল করেন। পাঁচ মিনিট পর তার ডিফেন্স চেড়া চিপ ধরে ফ্রাঙ্কি ওয়েস্টফিল্ড গোল বানিয়ে দেন ব্রুনো দামিয়ানিকে দিয়ে।
তারপর আনিবাল গোদোয়ের আত্মঘাতী গোল ও মালিক জাকুপোভিচের লক্ষ্যভেদী শটে বড় জয় নিশ্চিত করে ফিলাডেলফিয়া। দারুণ ফর্মে থাকা সুলিভান এখন মাউরিসিও পচেত্তিনোর মুখে নিজের নাম শোনার অপেক্ষায়। বিশ্বকাপের পর ২৬ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র, এজন্য ১৭ সেপ্টেম্বর সেই ম্যাচের দল পচেত্তিনো ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে।