‘মেসিকে এসব কখনও বলতে শুনিনি’, ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা
আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো আয়োজন করে সেরা ফুটবলারকে দেওয়া হবে ব্যালন ডি’অর। এখনও দেড় মাসের মতো বাকি থাকলেও এই পুরস্কারের দাবিদার কে, তা নিয়ে কথার লড়াই চলছে। রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের পর বার্সেলোনার লামিন ইয়ামাল প্রকাশ্যে নিজেকে ব্যালন ডি’অরের যোগ্য ঘোষণা করলেন। বিষয়টি মোটেও ভালো লাগেনি সাবেক বার্সা তারকা আবেলারদো ফার্নান্দেজের।
মুভিস্টার প্লাস-এর একটি অনুষ্ঠানে ইয়ামালের মন্তব্য সংবাদপত্র স্পোর্ট প্রকাশ করেছে, ‘আমি ব্যালন ডি’অর কাকে দিবো? আমি সত্যিই মনে করি সম্ভবত দুজন খেলোয়াড় আছেন, যারা বিশ্ব সেরা। কিন্তু আমার মনে হয়, আমি যা জিতেছি, তার কারণে এই বছর আমি এটি পাওয়ার যোগ্য।’ স্পেনের বিশ্বকাপ জয়ী এই কিশোর তারকার চোখে দুই বিশ্বসেরা কে? উত্তর এড়িয়ে যানিনি তিনি, ‘আমার কাছে কিলিয়ান এমবাপে ও আমি সেরা দুই খেলোয়াড়। যারা ম্যাচ দেখে তারা তা ভালো করেই জানে।’
এমন মন্তব্যের প্রেক্ষিতে কঠিন কথা শুনিয়েছেন আবেলারদো। নব্বইয়ের দশকের শেষ দিকে বার্সার হয়ে খেলা সাবেক এই ডিফেন্ডার বলেছেন, ‘তুমি এটা ভাবতে পার, কিন্তু বলতে পার না। আমি তেমনটা মনে করি না, কারণ এটা তোমাকে খারাপভাবে উপস্থাপন করে।’
বার্সায় দুটি লা লিগা জয়ী আবেলারদোর মতে, ইয়ামাল আরও সংযত থেকে নিজের উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করতে পারতেন। তিনি বলেন, ‘এটা নিয়ে তুমি ভাবতে পার এবং বলতে পারতে: আমি সম্ভবত শক্তিশালী প্রার্থীদের মধ্যে আছি। কিন্তু তুমি কোনোভাবেই জান না যে, এই পুরস্কার কার হাতে উঠবে।’ এই ধরনের শব্দচয়ন তার ভাবমূর্তি আরও ভালো করতে পারতো মনে করেন স্পেনের সাবেক আন্তর্জাতিক ফুটবলার।
স্পেনের হয়ে ৫৪ ম্যাচ খেলা আবেলারদো মেসির উদাহরণ টেনে বললেন, ‘লামিনের কথা আমার পছন্দ হয়নি। আমি কখনও মেসিকে এমন কথা বলতে শুনিনি, যে ছিল ফুটবল ঈশ্বর।’