বিশ্বকাপের জন্য খেলোয়াড় বাছাইয়ে যে পরামর্শ দিলেন নান্নু
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভালো করতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে পাওয়া দুটি জয় ছাড়া তাদের কোনো অর্জন নেই তাদের। দরজায় কড়া নাড়ছে আরেকটি ওয়ানডে বিশ্বকাপ। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ার মাটিতে হবে এই মেগা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। তার আগে দল গোছানোর কথা বললেন বিসিবি পরিচালক মিনহাজুল আবেদিন নান্নু।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু বলেন, ‘পরপর যে সিরিজগুলো আছে, অনেকগুলো ওয়ানডে ম্যাচ আছে। এখান থেকে সম্ভাব্য সেরা দলটি বেছে নিতে হবে। নামের দিকে না গিয়ে ১০টি ইনিংসের পারফরম্যান্স দেখতে হবে কে কেমন করছে। এরপর সেরা সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড প্রস্তুত করাটা জরুরি। পারফরম্যান্সটাই সবার আগে দেখতে হবে, এরপর আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে কতটা মানিয়ে নিতে পারছে, সেটাও গুরুত্বপূর্ণ।’
২০২৩ সালে জাতীয় দলে ডাক পান ওপেনার তানজিদ হাসান তামিম। ৩ বছরের মাথায় তানজিদ এখন তিন ফরম্যাটেই বাংলাদেশের অন্যতম ভরসার নাম। নান্নু মনে করেন দলের কথা চিন্তা করে এমন ঝুঁকি নিতেই হবে।
জাতীয় দলেল সাবেক এই প্রধান নির্বাচক বলেন, ‘সেই জায়গায় নির্বাচক-কোচরা প্রতিভা খুঁজে বের করতে হবে। আগামী ৪-৫ বছরের চিন্তাভাবনা করে খেলাতে হবে। ২০২৩ সালে আমরা যখন তানজিদ হাসান তামিমকে নিয়ে চিন্তা করেছিলাম, তখন মিডিয়ায় অনেক সমালোচনা হয়েছিল। কিন্তু সেই তানজিদ তামিম আজ প্রায় প্রতিষ্ঠিত। আপনাকে ঝুঁকি নিতেই হবে এবং এমন প্রতিভাকে চিহ্নিত করতে হবে যে আগামী ৫-৭ বছর দেশের জন্য ভালো ক্রিকেট খেলবে।’