শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
খেলা
12 Sep, 2026

পাকিস্তানকে হারিয়ে ‘হ্যাটট্রিক’ ফাইনালে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৫ অপরাহ্ন খেলা
স্পোর্টস ডেস্ক : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৫ অপরাহ্ন
পাকিস্তানকে হারিয়ে ‘হ্যাটট্রিক’ ফাইনালে শ্রীলঙ্কা
পাকিস্তানকে হারিয়ে ‘হ্যাটট্রিক’ ফাইনালে শ্রীলঙ্কা

মাত্র ৫ রানেই নেই ২ উইকেট, এরপর ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল শ্রীলঙ্কা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানের দেওয়া ১৩১ রানের লক্ষ্য পেরিয়ে তারা ৪ ‍উইকেটে জিতেছে। লঙ্কান মেয়েরা যখন মাঠ ছাড়ছে তখনও বাকি ৮ বল। মিডল অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় টানা তৃতীয়বার নারী এশিয়া কাপের ফাইনালে উঠল শ্রীলঙ্কা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় পাকিস্তান-শ্রীলঙ্কা। টস হেরে আগে ব্যাট করতে নেমে ফাতিমা সানার দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রান তোলে। অধিনায়ক ফাতিমা দলের পক্ষে অপরাজিত সর্বোচ্চ ৪৭ রান করেছেন।

এর আগে পাকিস্তানের শুরুটা হয় মাত্র ৫ রানের মাথায় ফর্মে থাকা ওপেনার মুনিবা আলিকে হারিয়ে। এরপর শাওয়াল জুলফিকার (২৪) ও গুল ফিরোজার (২১) বিদায়ে তারা আরও চাপে পড়ে যায়। মাঝে আয়েশা জাফর (৭) ও সাদাফ শামাস (৮) রানে ফিরলে অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল পাকিস্তান। ছয় নম্বরে নেমে সেই দুর্দশা কাটিয়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন ফাতিমা। তিনি ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৭ এবং তুবা হাসান ১২ রানে অপরাজিত ছিলেন।

লঙ্কানদের পক্ষে অধিনায়ক চামারি আতাপাত্তু ও চামুদি প্রবোধা ২টি করে উইকেট নিয়েছেন। ১৩১ রানের লক্ষ্য তাড়ায় তাদের শুরুটাও ভালো হয়নি। স্রেফ ৫ রানে লঙ্কানরা অধিনায়ক চামারি ও সঞ্জনা কাভিন্দিকে হারায়। এরপর হাসিনি পেরেরা (৩) ও ইমেশা দুলানি (২৪) অল্প সময়ের ব্যবধানে আউট। তবে হারশিতা সামারাবিক্রমা ও কাভিশা দিলহারি ৬৭ রানের জুটিতে টেনে তোলেন শ্রীলঙ্কাকে।

সামারাবিক্রমা ৩৬ ও কাভিশা ৩৩ রান করেন। নিলাশিকা সিলভা ১০ বলে ১৮ এবং কৌশানি নুথায়ানগানার ৪ বলে ১০ রানের ক্যামিওতে ৮ বল হাতে রেখেই গন্তব্যে পৌঁছে যায় এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৪ উইকেটে জিতে টানা তৃতীয়বার লঙ্কান মেয়েরা টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করল। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিলেন অধিনায়ক ফাতিমা। তবে তাদের হারে আরেকটি ভারত-পাকিস্তান ফাইনাল থেকে বঞ্চিত হলো ক্রিকেটভক্তরা।

আগামীকাল (রোববার) রাত সাড়ে ৮টায় দুবাইয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের চূড়ান্ত ম্যাচে (ফাইনাল) মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কার মেয়েরা। এর আগে নারী এশিয়া কাপ ক্রিকেটে ভারত সর্বোচ্চ ৭ এবং লঙ্কানরা ২ বার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের মেয়েরা শিরোপা জেতে একবার।