শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
খেলা
12 Sep, 2026

এশিয়া কাপ ব্যর্থতার পর যেসব অজুহাত জ্যোতির

স্পোর্টস ডেস্ক : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন খেলা
স্পোর্টস ডেস্ক : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন
এশিয়া কাপ ব্যর্থতার পর যেসব অজুহাত জ্যোতির
ছবি-সংগৃহীত

নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশের মেয়েরা। বোলাররা সাফল্য পেলেও আসরজুড়েই ব্যর্থ ছিলেন ব্যাটাররা। 

বৃহস্পতিবারের সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৪৯ রান সংগ্রহ করেছিল ভারত। ফলে ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে করতে হতো ১৫০ রান। তবে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১০৭ রানের বেশি করতে পারেনি টাইগ্রেসরা। 

এর আগে ভারতের ইনিংসে বাজে ফিল্ডিংও করেছেন বাংলাদেশের মেয়েরা। ৪ ক্যাচ মিস করা সত্ত্বেও ফিল্ডিং ইউনিটেরও প্রশংসা করেছেন নিগার সুলতান জ্যোতি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমরা ওদের ১৩০ রানের মধ্যে আটকে রাখার কথা ভেবেছিলাম। গত কয়েক ম্যাচে যেভাবে বোলিং-ফিল্ডিং করেছি… তবে সেটা হয়নি। আমরা উইকেটও বিলিয়ে এসেছি। এতে রান তাড়া কঠিন হয়ে যায়।’

ব্যাটিং ইউনিটকে দোষারোপ করে জ্যোতি বলেন, ‘এটা দীর্ঘদিন ধরেই আমাদের বড় এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গত ২ ম্যাচে যারা রান করেছে এবার তারা রান পায়নি। রানের এই অধারাবাহিকতাই আমাদের ভোগাচ্ছে।’

বোলারদের প্রশংসা করে জ্যোতি বলেন, ‘বোলাররা গত ৩ ম্যাচে ভালো করেছে। আমরা ভুগছি ব্যাটিং ব্যর্থতার কারণে। উইকেট অবশ্য একটু ধীর গতির ছিল। ব্যাট করার জন্য এত সহজ ছিল না।’

ভারতের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানাকে দ্রুত ফেরালেও ছন্দ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। জ্যোতি জানান, ‘স্মৃতি মান্ধানা না শুধু, আমরা ওদের সব ব্যাটারকে নিয়েই কথা বলেছি। তারা সুযোগ দিয়েছিল, আমরা কাজে লাগাতে পারিনি। দ্বিতীয় ওভারেই লং অনে ক্যাচ দিয়েছিল শেফালি ভার্মা। ঐ ক্যাচ ধরলে পুরো দৃশ্য অন্যরকম হতে পারত। তবে যেভাবে মেয়েরা লড়াই করেছে, আমি খুশি।’

দলের বোলিং ও ফিল্ডিং নিয়ে স্বস্তি প্রকাশ করে জ্যোতি আরও বলেন, ‘আমরা ভালো ফিল্ডিংই করেছি। এই বিভাগেই বাকি দুই বিভাগের চেয়ে ভালো করেছি। বোলাররা ভালোই তো করছে। ভারত অনেক ভালো ব্যাটিংও করছিল। শেষদিকে অনেক রান তুলেছে।’

‘মাঝখানে আমরা ঠিকই নিয়ন্ত্রণ রেখেছিলাম। স্পিনাররা পরিকল্পনা অনুযায়ী বল করেছে। ১৩০-১৩৫ রানেই ওদের আটকে রাখা যেত, তাহলে ব্যাটিং ইউনিটের সামনে ভিন্ন দৃশ্যপট থাকত।‘