ইয়ামালের জোড়া গোলে উড়ে গেল ভ্যালেন্সিয়া
আক্রমণের জোয়ার ছিল শুরু থেকেই, শেষ পর্যন্ত ভ্যালেন্সিয়াকে তেমন সুযোগ না দিয়ে গোলবন্যায় উড়িয়ে দিলো বার্সেলোনা। নিজেদের সর্বশেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ায় লা লিগার টেবিলে কাতালানরা শীর্ষেই ছিল। তবে সামনে ছিল ৩ পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাওয়ার মোক্ষম সুযোগ। সেটাই পুরোদমে কাজে লাগাল হ্যান্সি ফ্লিকের দল। লামিনে ইয়ামাল-রাফিনিয়াদের গোলে ভ্যালেন্সিয়াকে হারাল ৫-০ ব্যবধানে।
প্রতিপক্ষের মাঠ মেস্তায়া স্টেডিয়ামে দাপুটে এক ম্যাচ উপহার দিলো লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৭৪ শতাংশ পজেশন ছাড়াও গোলের লক্ষ্যে তারা ১০টি শট নেয়। বার্সার পক্ষে ইয়ামাল করেছেন জোড়া গোল, এ ছাড়া একটি করে গোল করেছেন ফারমিন লোপেজ, রাফিনিয়া ও পেদ্রি।
ম্যাচের ৬ মিনিটেই সফরকারী বার্সা লিড নেয়। লোপেজের পাস পেয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারকে এড়িয়ে প্রথম ছোঁয়ায় ইয়ামাল বল জালে জড়ান। দুই মিনিট পর তিনি নিজের ও দলের লিড দ্বিগুণ করলেও, বাতিল হয় অফসাইডের কারণে। এরপর ২২ মিনিটে লোপেজ আড়াআড়ি শটে দূরের পোস্ট কাঁপিয়ে স্কোরলাইন ২-০ করেন। রদ্রির ভুলে গোল খেতে পারত বার্সা, তবে দানইয়োমার শট সামনে এসে ঠেকিয়ে দেন গোলরক্ষক হুয়ান গার্সিয়া।