২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ, ডাস্টবিন স্থাপন করলেন নাইম
রাজশাহী মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর পদপ্রার্থী ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বিপ্লব রহমান নাইম।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ভদ্রা প্রাইমারি স্কুল এলাকাসহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপনের এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ওয়ার্ডে বাসাবাড়ির বর্জ্য ফেলার পর্যাপ্ত নির্দিষ্ট স্থান না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। পরিচ্ছন্নতাকর্মীদের ভ্যান চলে যাওয়ার পর ময়লা ফেলার ব্যবস্থা না থাকায় অনেক সময় যত্রতত্র বর্জ্য ফেলা হয়। এতে পরিবেশ নোংরা ও দুর্গন্ধযুক্ত হয়ে পড়ে।
এ সমস্যা বিবেচনায় নিয়ে ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেন নাইম। এতে বাসিন্দারা পরিচ্ছন্নতাকর্মীদের ভ্যানের জন্য অপেক্ষা না করে নির্দিষ্ট স্থানে বর্জ্য রাখতে পারবেন এবং পরে সেখান থেকে তা সংগ্রহ করা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, ২৬ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন রাখতে নাইমের এ উদ্যোগ প্রশংসনীয়। এর মাধ্যমে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে।
মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, বিপ্লব রহমান নাইম দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত। করোনাকালীন সংকটেও তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আগামী সিটি করপোরেশন নির্বাচনে তিনি ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী।
মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মিলন বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর ওয়ার্ড গড়তে পরিকল্পনার পাশাপাশি মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ ধরনের কাজে স্থানীয় বাসিন্দাদেরও সহযোগিতা করতে হবে।
বিপ্লব রহমান নাইম বলেন, “আমি এই ওয়ার্ডেরই একজন মানুষ। এখানকার মানুষের সমস্যা আমারও সমস্যা। পরিচ্ছন্নতাকর্মীদের ভ্যান চলে যাওয়ার পর বর্জ্য ফেলা নিয়ে মানুষের যে সমস্যা হতো, সেটি বিবেচনা করেই বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নিয়েছি।”
তিনি বলেন, “শুধু ডাস্টবিন স্থাপন করলেই হবে না, এগুলো সঠিকভাবে ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে। এলাকাবাসীর সহযোগিতা থাকলে ২৬ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য করে তোলা সম্ভব।”
কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে তাঁর অগ্রাধিকার পরিকল্পনার মধ্যে রয়েছে রাস্তা সংস্কার, জলাবদ্ধতা নিরসন, সড়কবাতি ও নিরাপদ চলাচল, বিশুদ্ধ পানির ব্যবস্থা, যুবসমাজ ও খেলাধুলার উন্নয়ন এবং মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ।
অনুষ্ঠানে মহানগর যুবদলের দপ্তর সম্পাদক মাসুদুল হক মৃধা মমিন, ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রতনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।