বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬
সারাদেশ
08 Sep, 2026

মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলনে যোগ দিচ্ছেন বাংলাদেশের আট সাংবাদিক"

নিজস্ব প্রতিবেদক : ০৮ আগস্ট ২০২৬ ০৬:৪৯ অপরাহ্ন সারাদেশ
নিজস্ব প্রতিবেদক : ০৮ আগস্ট ২০২৬ ০৬:৪৯ অপরাহ্ন
মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলনে যোগ দিচ্ছেন বাংলাদেশের আট সাংবাদিক"
ছবি সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতার উন্নয়ন, ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণ এবং বৈশ্বিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’ (3rd International Indigenous Language Journalism Conference-2026)। ৯ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিতব্য এ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের আট সদস্যের একটি প্রতিনিধি দল কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়েছেন।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘সাংস্কৃতিক বৈচিত্র্য, জলবায়ু ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য আদিবাসী ভাষার সাংবাদিকতা’ (Indigenous Language Journalism for Cultural Diversity, Climate Justice and Inclusive Democracy)।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ) বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ও দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এর হেড অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া শিয়াবুর রহমান।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন—দৈনিক বঙ্গবাণীর সম্পাদক মুশতাক আহমেদ মুবারকী, দৈনিক আজকালের স্পেশাল করেসপন্ডেন্ট মো. জিয়াউর রহমান, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতির সম্পাদক মোহাম্মদ মুনীরুজ্জামান, দৈনিক আজকের প্রভাতের সিনিয়র করেসপন্ডেন্ট মো. আবু বকর সিদ্দিক, দৈনিক অমর বাংলার এক্সিকিউটিভ এডিটর পান্না জামান এবং চ্যানেল এস টেলিভিশন অনলাইনের শাহনাজ বেগম। প্রতিনিধি দলে আরও রয়েছেন সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল মো. আবদুর রহমান।

বিশ্বের প্রায় ৩০টি দেশের সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও গবেষকদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনের আয়োজক ফেডারেশন অব নেপালি ইন্ডিজিনাস ন্যাশনালিটিজ জার্নালিস্টস (ফোনিজ)। সার্বিক সহযোগিতায় রয়েছে সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ)।

সম্মেলনের সহ-আয়োজক হিসেবে রয়েছে তামাং, তমু গুরুং, লিম্বু, থারু, কিরাত রাই, শেরপা ও মাগার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। আর সমন্বয়ের দায়িত্ব পালন করছে ন্যাশনাল ফোরাম অব নেওয়া জার্নালিস্টস।

আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৩০টি দেশের মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতা সংশ্লিষ্ট সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও গবেষকরা এবারের সম্মেলনে অংশ নেবেন।

চার দিনব্যাপী এ সম্মেলনে মাতৃভাষা সাংবাদিকতার বর্তমান অবস্থা, বৈশ্বিক চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে একাধিক প্যানেল আলোচনা, গবেষণাপত্র ও কার্যপত্র উপস্থাপন করা হবে। এতে বিভিন্ন দেশের গণমাধ্যম বিশেষজ্ঞ, গবেষক ও সাংবাদিকরা অংশ নেবেন।

সম্মেলনের অংশ হিসেবে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। পাশাপাশি নেপালের ঐতিহাসিক ও পর্যটনস্থল পরিদর্শন এবং স্থানীয় ঐতিহ্যবাহী সংস্কৃতি ও খাবারের সঙ্গে অতিথিদের পরিচয় করিয়ে দেওয়ারও ব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজকদের মতে, এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতার পেশাগত উৎকর্ষ বৃদ্ধি, রাষ্ট্রীয় নীতিনির্ধারণে এ ধারার সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরা এবং ভাষা, লিপি, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করা।