শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
খেলা
17 Apr, 2026

নিকোলসের বিদায়, দিশেহারা নিউজিল্যান্ড

জিল্লুর রহমান জয়: ১৭ এপ্রিল ২০২৬ ০২:২৭ অপরাহ্ন খেলা
জিল্লুর রহমান জয়: ১৭ এপ্রিল ২০২৬ ০২:২৭ অপরাহ্ন
নিকোলসের বিদায়, দিশেহারা নিউজিল্যান্ড
ছবি সংগৃহীত

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই এক ওপেনারকে হারালেও দ্বিতীয় উইকেটে নিউজিল্যান্ডকে দারুণ জুটি উপহার দেন হেনরি নিকোলস ও উইল ইয়াং। এরপর আরও দুই উইকেট গেলেও আপনতালে খেলে যাচ্ছিলেন নিকোলস। অবশেষে হাফ সেঞ্চুরিয়ান এই ব্যাটারকে থামালেন লেগ স্পিনার রিশাদ হোসেন। হেনরি নিকোলসের বিদায়ের পর নিউজিল্যান্ড ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৪৫.২ ওভার শেষে ৬ উইকেটে ১৯২ রান। এখন ৩৮ রানে ফক্সক্রফট ও ০ রানে স্মিথ ব্যাট করছেন।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ব্যাটিংয়ে নেমে সপ্তম ওভারে ওপেনার নিক কেলিকে হারায় কিউইরা। শরিফুল ইসলামের করা বলে ব্যক্তিগত ৭ রান করে আউট হন কেলি।

দ্বিতীয় উইকেটে খেলতে নেমে হেনরি নিকোলসের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন উইল ইয়াং। এই জুটি ভাঙেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। আউট হওয়ার আগে ৪২ বল থেকে ৩০ রান করেন ইয়াং। ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি দলনেতা টম লাথাম। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে ১৫ বলে ৯ রান করেন তিনি।

এদিকে আপনতালে খেলতে থাকা ওপেনার হেনরি নিকোলস ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন। তার ইনিংস থামে ৬৮ রানে। রিশাদ হোসেনের করা বলে কটবিহাইন্ড হন তিনি। ৮৩ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি নয়টি চারে সাজানো।