রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
08 Nov, 2026

আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক : ০৫ নভেম্বর ২০২৬ ০৫:৩৬ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ০৫ নভেম্বর ২০২৬ ০৫:৩৬ অপরাহ্ন
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী বছরের গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে বাড়ির ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎও কিনবে সরকার। বৃহস্পতিবার রাজশাহীতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, গত আট মাসে দেশে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে সরকারকে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। যুদ্ধের কারণে সারা বিশ্বে বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, আগামী বছরের গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সরকারের লক্ষ্য। এ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হলে বিদ্যুৎ সংকট মোকাবিলার পাশাপাশি দেশের কৃষি অর্থনীতির উন্নয়নও অব্যাহত রাখা সম্ভব হবে।

সৌরবিদ্যুতের উৎপাদন বাড়াতে বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনের জন্য সবাইকে উৎসাহিত করেন মন্ত্রী। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায় থেকেও এগিয়ে আসতে হবে। ব্যক্তি পর্যায়ে সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা দরে কিনে নেবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনে সরকারের ব্যয় ও ভর্তুকির চাপ কমানো সম্ভব হবে। এ উদ্যোগ বাস্তবায়নে সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু, সংসদ সদস্য শফিকুল হক মিলন, আবু সাঈদ চাঁদ, অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন সহ রাজশাহী জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।