জুলাই সনদ নিয়ে বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
‘সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার’ বিষয়ে সব দল একমত পোষণ করেই জুলাই সনদে স্বাক্ষর করেছে। তবে বিরোধী দল বর্তমান সময়ে ইচ্ছাকৃতভাবে এ বিষয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ১০ম বৈঠকে এই অভিযোগ করা হয়। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সংবিধানে শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা, গণঅভ্যুত্থানের দাবি যথাযথভাবে বাস্তবায়ন এবং জুলাই সনদের টেকসই বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন কমিটির সদস্যরা। এ সময় নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় আসে।
বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। ঐতিহাসিকভাবে যুগে যুগে তরুণরাই জাতিকে পথ দেখিয়েছে উল্লেখ করে তরুণদের কল্যাণে সংবিধান সংশোধনের মাধ্যমে জনবান্ধব ও যুগোপযোগী সংবিধান প্রণয়নের বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠকে আরও বলা হয়, জুলাই সনদের ৬(ক)-তে উল্লিখিত ‘সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার’ বিষয়ে সব দল একমত পোষণ করেই জুলাই সনদে স্বাক্ষর করেছে। তবে বিরোধী দল বর্তমান সময়ে ইচ্ছাকৃতভাবে এ বিষয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
কমিটি জানায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সরকার আন্তরিক। এ বিষয়ে সরকারের ওপর আস্থা রেখে তরুণরাও বৈঠকে সহমত পোষণ করেন।
বৈঠকে কমিটির সদস্য ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নূরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন অংশগ্রহণ করেন।
এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।