রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
বিনোদন
07 Nov, 2026

অপু বিশ্বাসকে প্রকাশ্যে চুম্বনকারী কে এই আদনান?

অনলাইন ডেস্ক : ০২ নভেম্বর ২০২৬ ০৩:২৭ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক : ০২ নভেম্বর ২০২৬ ০৩:২৭ অপরাহ্ন
অপু বিশ্বাসকে প্রকাশ্যে চুম্বনকারী কে এই আদনান?

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের পরনে বিয়ের সাজ। পাশে বরবেশে এক যুবক। মেহেদি অনুষ্ঠানের একপর্যায়ে অপুকে চুম্বন করতেও দেখা গেল তাঁকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা জল্পনা। কে এই যুবক? তবে কি আবারও বিয়ের খবর নিয়ে আলোচনায় অপু বিশ্বাস?

ভিডিওতে অপু বিশ্বাসের সঙ্গে দেখা যাওয়া যুবক আদনান আজাদ। মেহেদি পরানোর সময় হঠাৎ করেই অভিনেত্রীকে চুম্বন করেন তিনি। এমন মুহূর্তে লাজুক হাসিতে ধরা দেন অপুও। ভিডিওটি দেখে কারও কারও মনে প্রশ্ন জেগেছে, তবে কি নতুন করে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী? বাস্তবে বিষয়টি তেমন নয়। বর-কনের সাজে তাঁদের এই রোমান্টিক মুহূর্ত একটি প্রচারণামূলক ভিডিওর অংশ। দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করতেই এমন আয়োজন।

এর আগে গত ১৫ অক্টোবর আদনান আজাদের সঙ্গে রোমান্টিক আবহের কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন অপু বিশ্বাস। সেই ছবিগুলো ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। দুজনের সম্পর্কের সমীকরণ নিয়ে কৌতূহলের পাশাপাশি তাঁদের একসঙ্গে নতুন কোনো কাজের সম্ভাবনা নিয়েও কথা ওঠে।

অপু ও আদনানের পরিচয় অবশ্য নতুন নয়। প্রায় ১৮ বছর আগে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘পাষাণের প্রেম’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। ওই সিনেমার মধ্য দিয়েই বড় পর্দায় নায়ক হিসেবে অভিষেক হয় আদনানের। পরবর্তী সময়ে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডে জনপ্রিয়তা অর্জন করেন অপু বিশ্বাস। অন্যদিকে অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি আদনান।

তবে দীর্ঘদিন পর তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পেছনে রয়েছে নতুন সিনেমার পরিকল্পনা। সম্প্রতি একসঙ্গে ফটোশুটের বিষয়ে অপু বিশ্বাস জানিয়েছিলেন, আদনান বড় পরিসরে একটি সিনেমা নির্মাণ করতে চান। এ জন্য দেশের বাইরে থেকে একটি ভালো টিম এনে কাজ করার পরিকল্পনাও রয়েছে তাঁর। এ নিয়ে দুজনের মধ্যে কথাবার্তা চলছে বলেও জানান অভিনেত্রী।

সব মিলিয়ে অপু বিশ্বাস ও আদনান আজাদের বিয়ের সাজ, মেহেদি আর চুমুর দৃশ্য বাস্তব কোনো বিয়ের ঘোষণা নয়। বরং নতুন সিনেমাকে ঘিরে তাঁদের এই আয়োজন দর্শকদের মধ্যে আগ্রহ তৈরির কৌশল হিসেবেই সামনে এসেছে।