রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
06 Nov, 2026

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যুবদলের ভূমিকা ঐতিহাসিক: এমপি মিলন

নিজস্ব প্রতিবেদক : ৩০ অক্টোবর ২০২৬ ০৭:৫৮ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ৩০ অক্টোবর ২০২৬ ০৭:৫৮ অপরাহ্ন
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যুবদলের ভূমিকা ঐতিহাসিক: এমপি মিলন

 দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় যুবদলের ভূমিকা ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি শফিকুল হক মিলন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ দেশের যুবসমাজের জন্য চিরদিন অনুকরণীয় হয়ে থাকবে। সেই আদর্শে উজ্জীবিত হয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় যুবদলের নেতা-কর্মীদের দেশের অগ্রযাত্রায় সাহসী, সুশৃঙ্খল ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহীর পবা উপজেলার নওহাটা মহিলা ডিগ্রি কলেজের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুল হক মিলন বলেন, রাজনীতি একটি চলমান প্রক্রিয়া। তাঁরা একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দলের সঙ্গে রয়েছেন। নানা নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও তাঁরা আদর্শ থেকে বিচ্যুত হননি। বিএনপি গণমানুষের দল উল্লেখ করে তিনি বলেন, জনগণ বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রকাঠামো মেরামতের সুযোগ দিয়েছে। সেই লক্ষ্য সামনে রেখে সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নেও স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

যুবদলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলীয় কর্মকাণ্ডের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে এবং তাদের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জিয়াউর রহমানের আদর্শ ধারণ ও তারেক রহমানের দিকনির্দেশনা অনুসরণ করে যুবদলকে জনকল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে প্রকৃত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জনগণের আস্থা অর্জনের পাশাপাশি দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নওহাটা পৌর যুবদলের আহ্বায়ক সুজন মোল্লার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম সুমন। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পিটার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ, সদস্য শরিফুর রহমান শরীফ, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রত্না, নওহাটা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, আজাদ সরকার ও মহিনুল ইসলাম মিলন এবং নওহাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা।