রাজশাহীর পবায় বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা
রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ির ছাদে মোহাম্মদ আবুল কালাম আজাদ (৪৫) নামে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পবা থানা পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। নিহতের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন গণমাধ্যমকে জানান, ঘটনার সময় বাড়িতে শুধু নিহতের স্ত্রী ছিলেন। তবে ঘটনার বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না। কারা, কী কারণে এবং কীভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ওসি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।