রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
05 Nov, 2026

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ডের ডেপুটি মেয়রের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : ২৯ অক্টোবর ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ২৯ অক্টোবর ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন
রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ডের ডেপুটি মেয়রের সৌজন্য সাক্ষাৎ

 রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র শার্লট বেকম্যান ফিনস্ট্যাড (Ms. Charlotte Beckmann Finnestad)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগর ভবনে প্রশাসকের দপ্তরকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাজশাহী ও ক্রিস্টিয়ানস্যান্ড শহরের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক ব্যবস্থাপনা ও নগর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই শহরের অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় গ্রিন ও ক্লিন সিটি হিসেবে রাজশাহীর পরিচ্ছন্নতা ও নগর ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র। দুই শহরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

সাক্ষাৎ শেষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র পরস্পরের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

এ সময় ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের উপদেষ্টা ওডা ওলাইন ওমডাল (Oda Oline Omadal), ক্রিস্টিয়ানস্যান্ড-রাজশাহী ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড্যাগ কিউলফভিগে (Dag Qyulfvige), ক্রিস্টিয়ানস্যান্ড সিটি স্কুলের জ্যেষ্ঠ উপদেষ্টা জন আইনার কোভাম (John Einar Kvam), স্ট্রমী ফাউন্ডেশনের চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা কিয়ালস্টেইন মেলহুস ভেনাস (Qystein Melhus Venas), একই ফাউন্ডেশনের জ্যেষ্ঠ উপদেষ্টা ও এশিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক ক্রিস্টিয়ান নিউম্যান (Christian Neumann), স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান ভূঁইয়া, রাজশাহী-ক্রিস্টিয়ানস্যান্ড ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড. শিখা বিশ্বাস এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এবং নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দীন আরজুসহ রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।