ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদরের দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।
প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হলেন- দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রের আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমেল ও সিয়াম এবং আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মিনহাজ।
দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম বলেন, আমরা তিনজন ভুয়া ভোটার পেয়েছি। নির্বাহী ম্যাজিস্টেট এসেছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আপাতত তাদেরকে রুমে আটকে রাখা হয়েছে। এদের বিষয়ে কিছুক্ষণের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও-১ আসনের তিন উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে পুরুষ ২৪৯ জন এবং নারী ৩৮ জন।