রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
06 Nov, 2026

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবিতে বাঘায় জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : ২৮ অক্টোবর ২০২৬ ১০:৪০ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ২৮ অক্টোবর ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবিতে বাঘায় জামায়াতের বিক্ষোভ

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার হামলায় নিহতদের ঘটনায় দায়ের করা মামলা পুনরায় সচল, অভিযুক্তদের গ্রেপ্তার ও দোষীদের বিচারের দাবিতে রাজশাহীর বাঘায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৮ অক্টোবর) বাদ আছর বাঘার ঐতিহাসিক তেঁতুলতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাঘা উপজেলা জামায়াত এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠা নিয়ে হামলা ও হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি মর্মান্তিক ঘটনা। ওই দিনের ঘটনায় নিহতদের পরিবার এখনো ন্যায়বিচারের প্রত্যাশা করে। বক্তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলা পুনরায় সচল করে অভিযুক্তদের গ্রেপ্তার এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

তারা আরও অভিযোগ করেন, ওই দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হামলা ও সহিংসতার ঘটনা ঘটে। পল্টনে নিহত ব্যক্তিদের লাশ ঘিরে উল্লাসের দৃশ্য দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বক্তারা রাজনৈতিক প্রতিহিংসা ও সহিংসতার অবসান ঘটিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশে ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে আহত ও পঙ্গুত্ববরণ করে মানবেতর জীবনযাপন করা ব্যক্তিদের এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন (নূহ), সেক্রেটারি মোহাম্মদ ইউনুস আলী, বাঘা পৌর জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ সাবদার হোসেন, উপজেলা নায়েবে আমির অধ্যক্ষ সাইফুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিমসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।