মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেছেন, মাদক কারবারি যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের পাশাপাশি দুর্নীতিকে সমাজের অন্যতম বড় ব্যাধি হিসেবে উল্লেখ করে তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
মাদকের ভয়াবহতা তুলে ধরে এমপি মিলন বলেন, মাদকের কারণে সন্তান কর্তৃক মা-বাবাকে হত্যার মতো হৃদয়বিদারক ঘটনা ঘটছে। সম্প্রতি মোহনপুরেও এমন একটি ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। মাদকসংক্রান্ত অপরাধ দমনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, এ বিষয়ে গত সংসদ অধিবেশনে একটি আইন পাস হয়েছে। ওই আইনে জামিন ও সাজার বিষয়ে কঠোর বিধান রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ বর্তমানে নানা প্রতিকূলতার মধ্যে দায়িত্ব পালন করছে। ইতোমধ্যে দুবার পুলিশের পোশাক পরিবর্তন করা হয়েছে। তবে শুধু পোশাক পরিবর্তন করলেই হবে না, কাজের ধরন ও মানসিকতারও পরিবর্তন আনতে হবে। পুলিশ ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় উল্লেখ করে তিনি পুলিশ সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।
সাম্প্রতিক সময়ে আলোচিত ‘ম্যাগনেট গ্রুপ’ প্রসঙ্গে এমপি মিলন বলেন, তাদের দেশত্যাগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য ছড়ানো হচ্ছে। তার দাবি, তারা চোরাই পথে দেশত্যাগ করেনি; বরং চার্টার্ড বিমানে করে দেশ ছেড়েছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই না করে বিশ্বাস না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইন নিজস্ব গতিতে চলবে।
ফসলি জমিতে পুকুর খননের বিরোধিতা করে এমপি মিলন বলেন, কৃষিজমি নষ্ট করে কোনোভাবেই পুকুর খনন করতে দেওয়া হবে না। ইতোমধ্যে যেসব জমিতে পুকুর খনন করা হয়েছে, সেগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। অবৈধ পুকুর খনন বন্ধ হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে উল্লেখ করে তিনি বিদ্যমান পুকুরগুলো সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় পুকুর খননকে কেন্দ্র করে সংঘটিত একটি হত্যাকাণ্ডের মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে একই স্থানে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও বিভিন্ন বিষয় তুলে ধরেন।
পরে এমপি মিলন উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনীতে অংশ নেন।
এ ছাড়া ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় এমপি মিলন বলেন, ফ্যামিলি কার্ড তৈরি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ কাজ করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়তে হতে পারে। কেউ কেউ তথ্য সংগ্রহে সহযোগিতা নাও করতে পারেন। তাই ভোটার আইডি কার্ড যাচাই করে প্রতিটি তথ্য নির্ভুলভাবে লিপিবদ্ধ করতে হবে। পরে তিনি মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারীদের মধ্যে সরকারি ট্যাব বিতরণ করেন।
অনুষ্ঠানে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খন্দকার সাগর আহম্মেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আরজুমান্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।