"যুবসমাজের আশা-আকাঙ্ক্ষা পূরণে অগ্রণী ভূমিকা রাখতে হবে"
রাজশাহীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর যুব সমাবেশে বক্তারা বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ, গণতন্ত্র সুসংহতকরণ এবং দেশ ও জাতির প্রত্যাশা পূরণে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারুণ্যের শক্তি, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনের পাশাপাশি জনকল্যাণে যুবদলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নগরীর বাটার মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর যুবদল আয়োজিত যুব সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র সুসংহতকরণ এবং জনগণের প্রত্যাশা পূরণে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যুবদলের নেতাকর্মীদের দেশপ্রেম, শৃঙ্খলা ও জনকল্যাণের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। দেশ, জাতি ও যুবসমাজের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, যুবদল একটি ঐতিহ্যবাহী যুব সংগঠন। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে এ সংগঠনের নেতাকর্মীরা সাহসী ও অগ্রণী ভূমিকা পালন করেছেন। তারুণ্যের শক্তি, মেধা, সাহস ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, দায়িত্বশীলতা ও জনকল্যাণের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যুবদলের নেতাকর্মীরা যুবসমাজ, দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন—এটাই তাঁর প্রত্যাশা।
রাজশাহী মহানগরীকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার ওপর গুরুত্বারোপ করে রাসিক প্রশাসক বলেন, এ নগরী সবার। প্রধানমন্ত্রীর সহযোগিতা ও নেতৃত্বে রাজশাহী মহানগরীকে পরিচ্ছন্ন, সুন্দর, স্বাস্থ্যকর, নিরাপদ ও সুশৃঙ্খল নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ সময় তিনি যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক সফলতা কামনা করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। এতে আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ।
সমাবেশে মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন ও সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ থানা, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে নগরীর সদর হাসপাতাল মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক যুবদল নেতাকর্মী অংশ নেন।