রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
08 Nov, 2026

জননিরাপত্তায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে: এমপি মিলন

নিজস্ব প্রতিবেদক : ২৬ অক্টোবর ২০২৬ ০৯:৪২ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ২৬ অক্টোবর ২০২৬ ০৯:৪২ অপরাহ্ন
জননিরাপত্তায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে: এমপি মিলন

 জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি শফিকুল হক মিলন। তিনি বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দল-মতনির্বিশেষে সাধারণ মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কোনো ধরনের অবহেলা কাম্য নয়।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে পবা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মিলন বলেন, পবা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব। এ জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় থাকতে হবে। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। অপরাধ দমনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আরও সক্রিয় ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাস ব্যক্তি ছাড়াও পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে বিপন্ন করে। কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন।

জনগণের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করতে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার ওপর জোর দেন এমপি মিলন। তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। 

শফিকুল হক মিলন বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হবে। এ ক্ষেত্রে অপরাধ ও অনিয়মের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীনের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পুলিশ, বিজিবি ও আনসার সদস্য এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাস দমন, যানজট নিরসন এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার ও কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।