রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
বিনোদন
03 Nov, 2026

দাহ বা সমাহিত নয়, মৃত্যুর পর ‘জৈব সার’ হতে চান এই অভিনেত্রী

অনলাইন ডেস্ক : ২৬ অক্টোবর ২০২৬ ০১:৪৫ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক : ২৬ অক্টোবর ২০২৬ ০১:৪৫ অপরাহ্ন
দাহ বা সমাহিত নয়, মৃত্যুর পর ‘জৈব সার’ হতে চান এই অভিনেত্রী
হলিউড অভিনেত্রী কিম নোভাক

রূপালী পর্দার চকচকে আলো থেকে বহুদূরে, প্রকৃতির কোলে একান্ত এক শান্ত জীবন কাটাচ্ছেন হলিউডের স্বর্ণযুগের অভিনেত্রী কিম নোভাক। তবে ৯৩ বছর বয়সে এসে তিনি এক অদ্ভুত ও ব্যতিক্রমী ইচ্ছার কথা প্রকাশ করেছেন। মৃত্যুর পর নিজের দেহ কম্পোস্টে (জৈব সার) পরিণত করার ব্যবস্থা করে রেখেছেন; আর সেই কম্পোস্টের ওপর গাছ লাগানো হবে, এমনটাই ইচ্ছা তার।

এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, কয়েক বছর আগেই তিনি তার এই অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত ব্যবস্থা পাকা করে রেখেছেন। কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা ব্যাখ্যা করে কিম নোভাক বলেন, ভাবনাটা হলো, আমি চলে যাওয়ার পরও গাছের মধ্য দিয়ে বেঁচে থাকতে পারব। বিষয়টি আমার কাছে রোমাঞ্চকর এক অভিযানের মতো। মৃত্যুর পর আমি এটাই চাই। আমি বেঁচে থাকতে চাই।

কিম নোভাকের মতে, অন্যদের মতো প্রাণবন্ত প্রকৃতির নন তিনি। সবসময় যে বিষয়টি তাকে তাড়া করতো, সেটা ধৈর্যের অভাব। তাই অভিনেত্রী মনে করলেন, গাছের মতো ধৈর্য নিয়ে, ধীরস্থিরভাবে নিজের পরজীবনটিকে অনুভব করা যায়। 

অভিনেত্রীর কথায়, ‘ধৈর্যের অভাবে ভুগতাম। এদিকে গাছের ধৈর্য আছে। তাই নিজেকে উপলব্ধি করার এটাই সুযোগ। গাছের মধ্য দিয়ে আমি নিজেকে প্রকাশ করে যেতে পারব, জীবনের নানা রূপেরও সাক্ষী হতে পারব। আমার কাছে এই ভাবনাটা খুবই দারুণ লাগে; ভাবতেই মনে আলাদা একটা প্রশান্তি দেয়।’ 

নিজের এই পরিকল্পনা কারও কাছে অদ্ভুত মনে হতে পারে, তা-ও জানেন কিম। তবে তার কাছে বিষয়টি মোটেও হাস্যকর নয়। নিজের দেহকে ছাই কিংবা মাটিতে পরিণত করার বিষয়টি তিনি কল্পনাতেও আনতে পারেন না। 

তাই কিম নোভাক আরও বলেন, ‘আমার কাছে মাটির সঙ্গে এক হয়ে যাওয়ার ধারণাটিই খুব সুন্দর। কম্পোস্ট হয়ে থাকলে গাছপালা আরও ভালোভাবে বেড়ে ওঠে। এটি প্রাকৃতিক, বাস্তব, অকৃত্রিম ও বিশুদ্ধ।

নিজের দেহ এ প্রক্রিয়ায় যুক্ত করার জন্য ওয়াশিংটন অঙ্গরাজ্যের ‘আর্থ ফিউনারেল’ প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবস্থা করেছেন এই অভিনেত্রী। সেখানে মৃত্যুর পর কম্পোস্ট করার আগে ফ্রিজিং করে রাখা হয় বলেও জানান কিম। ইতোমধ্যে নিজের স্বজন, বন্ধুদেরও বিষয়টি জানিয়ে রেখেছেন। 
হলিউড অভিনেত্রী কিম নোভাক

অভিনেত্রী বলেছেন, আমি তাদের প্রত্যেককে একটি গাছ বা ঝোপজাতীয় উদ্ভিদ লাগাতে বলেছি। তবে গাছ লাগানোই আমার বেশি পছন্দ। কারণ, আমি আরও বেড়ে উঠতে চাই। আমার কাছে আসল বিষয়টাই হলো, বেড়ে চলা। আমি চাই, আমার বেড়ে ওঠা যেন থেমে না যায়। মৃত্যুর পরও জীবন এগিয়ে চলার এটি একটি সুন্দর প্রকাশ।

উল্লেখ্য, ১৯৫৮ থেকে ১৯৬০ সাল পর্যন্ত বক্স অফিসের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন ছিলেন কিম নোভাক। ১৯৬৬ সালে হলিউদের রুপালী পর্দা ছেড়ে ব্যক্তিগত জীবনে মনোযোগী হন তিনি। এরপর থেকে ছবি আঁকাকেই নিজের ভাবনা প্রকাশের অন্যতম মাধ্যম হিসেবে বেছে নেন এই অভিনেত্রী। নিজের পরিচয় যেন শুধু চলচ্চিত্রের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, সেই ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। তাই নিজেকে কম্পোস্টে পরিণত করার মধ্য দিয়ে মৃত্যুর পরও নিজেকে প্রকাশ করে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন হলিউডের এই তারকা।