রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
08 Nov, 2026

ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৪৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : ২৫ অক্টোবর ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ২৫ অক্টোবর ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন
ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৪৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

 রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, সমাজে দ্বীনি শিক্ষা প্রচার, নৈতিকতা গঠন এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষায় আলেম-ওলামা, ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের যথাযথ সম্মান ও মর্যাদা রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব।

রোববার (২৫ অক্টোবর) রাজশাহী ইমাম প্রশিক্ষণ একাডেমির মিলনায়তনে ১ হাজার ২৩৬তম দলের ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।

মাহফুজুর রহমান রিটন বলেন, বিগত ১৭ বছরে দাড়ি-টুপি ও ধর্মীয় পরিচয়ের কারণে অনেকে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। ভবিষ্যতে কেউ যেন ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য বা নির্যাতনের শিকার না হন, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা শুধু রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের পরিকল্পনা নয়; বরং মানুষের অধিকার, মর্যাদা, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি রূপরেখা। এর মূল লক্ষ্য হলো এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিক সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারবেন।

ইমাম প্রশিক্ষণ একাডেমি, রাজশাহীর উপপরিচালক ডা. মো. আসেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় পরিচালক এ কে এম মুজাহিদুল ইসলাম।

তিনি বলেন, নগরীর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান এবং খেলোয়াড়দের সুযোগ সৃষ্টিতে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের উদ্যোগ প্রশংসনীয়। পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করাই মানবিক উন্নয়নের পরিচয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে রাজশাহীকে আরও মানবিক, জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।