রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
08 Nov, 2026

রামেক হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, ভোগান্তিতে রোগীরা

নিজস্ব প্রতিবেদক : ২২ অক্টোবর ২০২৬ ০৯:৩২ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ২২ অক্টোবর ২০২৬ ০৯:৩২ অপরাহ্ন
রামেক হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, ভোগান্তিতে রোগীরা

 কর্মবিরতি শুরুর ৩০ ঘণ্টা পর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা তাঁদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে হাসপাতালের পরিচালকের সঙ্গে আলোচনার পর তাঁরা এ সিদ্ধান্ত নেন। শুক্রবার সকাল থেকে কাজে যোগ দেওয়ার কথা জানিয়েছেন তাঁরা। কর্মবিরতির কারণে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবা ব্যাহত হয়। চিকিৎসক না পেয়ে ভোগান্তিতে পড়েন রোগী ও তাঁদের স্বজনেরা।

হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিজেদের দাবি-দাওয়া নিয়ে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ-উল-ইসলামের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। আলোচনার পর তাঁরা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। শুক্রবার সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ দেবেন।

পাঁচ দফা দাবিতে বুধবার সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু করেন হাসপাতালের প্রায় ২৫০ জন ইন্টার্ন চিকিৎসক। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি চলায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবা দিতে দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হয়। ইন্টার্ন চিকিৎসকদের অনুপস্থিতিতে রোগীদের নিয়মিত চিকিৎসা ও ফলোআপ ব্যাহত হয়।

কর্মবিরতির মধ্যে রোগীদের সেবা চালু রাখতে মেডিকেল কর্মকর্তা, সহকারী রেজিস্ট্রার এবং সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক পর্যায়ের চিকিৎসকদের ওয়ার্ডে দায়িত্ব পালন ও রোগীদের নিয়মিত ফলোআপের নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানান হাসপাতালের মুখপাত্র।

ইন্টার্ন চিকিৎসকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে ভর্তি ওয়ার্ডে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহ নিশ্চিত করা, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, রোগীর সঙ্গে দুজনের বেশি স্বজনকে প্রবেশ করতে না দেওয়া, ভর্তি ও ভর্তির পরের দিন সব ওয়ার্ডে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা এবং অনতিবিলম্বে ক্যাজুয়ালিটি বিভাগ চালু করা।