ভূমিমন্ত্রী মিনু অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া প্রার্থনা
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি, অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রক্তশূন্যতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে হাসপাতালের কেবিনে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসার অংশ হিসেবে তাঁকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।
ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, গত কয়েক দিন ধরেই মন্ত্রী অসুস্থতাবোধ করছিলেন। মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন। এরপর বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে এবং ইতোমধ্যে তাঁকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। সম্প্রতি তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন।
এদিকে, বুধবার সন্ধ্যায় ভূমিমন্ত্রী নিজেও তাঁর অসুস্থতার কথা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, “আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ সারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ তায়ালা যেন আমাকে সুস্থতা দান করেন, যাতে দ্রুত সুস্থ হয়ে আবারও জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।”
ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে যান রাজশাহী-৩ আসনের এমপি বিএনপি নেতা শফিকুল হক মিলন, স্বাস্থ্যসচিব আ.ন.ম. বজলুর রশীদ, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেনসহ চিকিৎসক ও বিএনপির বিভিন্ন পযার্য়ের নেতারা।