রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
07 Nov, 2026

রাজশাহী বিভাগীয় কমিশনারকে বদলি

এশিয়া পোস্ট ২১ অক্টোবর ২০২৬ ০৮:৪৭ অপরাহ্ন রাজশাহী
এশিয়া পোস্ট ২১ অক্টোবর ২০২৬ ০৮:৪৭ অপরাহ্ন
রাজশাহী বিভাগীয় কমিশনারকে বদলি

 রাজশাহী বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব ইউসুফ আলীকে বদলিপূর্বক পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) এ-সংক্রান্ত আদেশ জারির পর একই দিন তিনি রাজশাহী ত্যাগ করেন। তাঁর স্থলে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রেজাউল আলম সরকারকে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে ইউসুফ আলীকে বদলিপূর্বক পদায়ন ও সংযুক্ত করা হয়। তবে এ সিদ্ধান্তের পেছনে কোনো কারণ আদেশে উল্লেখ করা হয়নি।

এর আগে মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। রাজশাহীতে জনসভাসহ বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টার দিকে একই ফ্লাইটে তিনি রাজশাহী ত্যাগ করেন। এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলীর সঙ্গে তাঁর হাত মেলানোর একটি দৃশ্য নিয়ে আলোচনা তৈরি হয়েছে। এ সময় ইউসুফ আলীকে প্রধানমন্ত্রীর দিকে ঝুঁকে সামনে এগিয়ে যেতে দেখা যায়। তাঁর এ আচরণ নির্ধারিত ভিআইপি প্রটোকলের ব্যত্যয় হিসেবে বিবেচিত হয়েছে কি না, সে প্রশ্নও উঠেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে, এ ঘটনার সঙ্গে তাঁর বদলির সিদ্ধান্তের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার মতো তথ্যও পাওয়া যায়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।