রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
06 Nov, 2026

রাজশাহীতে ট্রাক থেকে ৭৩৭৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক : ১৯ অক্টোবর ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ১৯ অক্টোবর ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন
রাজশাহীতে ট্রাক থেকে ৭৩৭৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

 রাজশাহীর দুর্গাপুরে একটি ট্রাক থেকে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ট্রাকচালক শামীম রেজাকে (২৬) গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা বহনে ব্যবহৃত ট্রাকটি। এ ঘটনায় জড়িত অপর এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) রাত ১টা ৫ মিনিটের দিকে দুর্গাপুর উপজেলার গোপালপাড়া গ্রামে আকরাম স্বর্ণকারের বসতবাড়ি সংলগ্ন পুরোনো পানহাটার সামনের পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া সেলের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের নির্দেশনা ও তত্ত্বাবধানে ডিবি পুলিশের এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে নিয়োজিত ছিল। সোমবার রাত ১২টা ২০ মিনিটের দিকে দুর্গাপুরের হাটকানপাড়া বাজার এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গোপালপাড়া এলাকায় একটি ট্রাকে করে দুই ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় ট্রাকচালক শামীম রেজাকে আটক করা হয়। পরে তাঁর দেহ ও ঢাকা মেট্রো-ট-২২-৬৫৫৫ নম্বরের ট্রাক তল্লাশি করে চালকের আসনের নিচে একটি ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগে ৩৮টি জিপারযুক্ত প্যাকেটে রাখা ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে শামীম রেজাকে গ্রেফতার এবং ট্রাকটি জব্দ করা হয়।

গ্রেফতার শামীম রেজা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় জড়িত অপর ব্যক্তি জনি আলী (২৮) ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তিনি একই জেলার শিবগঞ্জ উপজেলার দানিয়ালপুর গ্রামের তোহরুল ইসলামের ছেলে। তাঁকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান জেলা পুলিশের মুখপাত্র।

এ ঘটনায় গ্রেফতার শামীম রেজা ও পলাতক জনি আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দুর্গাপুর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।