রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
বিনোদন
03 Nov, 2026

প্রিয় সেই শহরে ফিরেই যে অনুভূতির কথা জানালেন তমা মির্জা

অনলাইন ডেস্ক : ১৮ অক্টোবর ২০২৬ ০২:২১ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক : ১৮ অক্টোবর ২০২৬ ০২:২১ অপরাহ্ন
প্রিয় সেই শহরে ফিরেই যে অনুভূতির কথা জানালেন তমা মির্জা
তমা মির্জা

ঢালিউডের গ্ল্যামার ছড়ানো অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে অভিনয়ে নিজেকে আমূল বদলে নিয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা। বাণিজ্যিক চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে ওটিটি প্ল্যাটফর্ম ও বড়পর্দায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি।

অভিনয়ের সেই যাত্রায় যেমন এসেছে স্বীকৃতি, তেমনি নিজেকে নতুনভাবে আবিষ্কারের সুযোগও পেয়েছেন এই অভিনেত্রী। শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তমা মির্জা। এরপর নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের সামনে নিজেকে তুলে ধরেছেন নতুন নতুন রূপে।

বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মে তার অভিনীত কাজগুলো তাকে আলাদা করে আলোচনায় এনেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এর ২৫তম আসরে সেরা নায়িকা হিসেবে সম্মাননা পেয়েছেন তমা মির্জা। পুরস্কার অর্জনের পর এবার নিজের প্রিয় শহর নিউইয়র্কে সময় কাটাচ্ছেন তিনি। ব্যস্ততা থেকে খানিকটা বিরতি নিয়ে নিজের মতো করে সময় কাটানোর আনন্দ ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

নিউইয়র্কে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে তমা মির্জা লিখেছেন, ‘প্রিয় শহর নিউইয়র্কে ফিরলাম। দীর্ঘদিনের অপেক্ষায় থাকা একটু নিজের মতো করে সময় কাটানো, মুক্তির স্বাদ নেওয়া আর জীবনকে সহজভাবে উপভোগ করার সৌন্দর্য সবকিছুই যেন নতুন করে অনুভব করছি। নিউইয়র্ক, তুমি সব সময়ই এক অন্যরকম অনুভূতির নাম।’

২০১৫ সালে শাহনেওয়াজ কাকলীর ‘নদীজন’-এ অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া তমা সময়ের সঙ্গে নিজেকে ভেঙেছেন, বদলেছেন অভিনয় ধরন। ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘সাত নম্বর ফ্লোর’, ‘ফ্রাইডে’, ‘সুড়ঙ্গ’ ও সর্বশেষ ‘দাগি’তে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় সেই পরিবর্তনের প্রমাণ। সম্প্রতি ভিকি জাহেদের পরিচালনায় নতুন ছবি ‘খলনায়ক’ অভিনয় করছেন তমা। এতে তার বিপরীতে থাকবেন আফরান নিশো।