রাজশাহীর বাগমারায় ১০ হাজার কয়েন চকলেটে দুর্গাপ্রতিমা
স্বর্ণালি রঙের ১০ হাজার কয়েন চকলেট দিয়ে তৈরি দুর্গাপ্রতিমা। ব্যতিক্রমী এই শিল্পকর্ম ঘিরে দর্শনার্থীদের আগ্রহ তৈরি হয়েছে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে। শারদীয় দুর্গোৎসবে অভিনব আয়োজনটি দেখতে তাহেরপুর শ্রীশ্রী গঙ্গামাতা মন্দিরের পূজামণ্ডপে ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ।
তাহেরপুরের হালদারপাড়ায় স্থানীয় সামাজিক সংগঠন নবজাগরণ সংঘের উদ্যোগে তৈরি করা হয়েছে এই বিশেষ প্রতিমা। প্রচলিত উপকরণের বাইরে গিয়ে কয়েন চকলেট দিয়ে প্রতিমা সাজানোর এ উদ্যোগ ইতোমধ্যে দর্শনার্থীদের নজর কেড়েছে। প্রতিমার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় আয়োজনটি নিয়ে আগ্রহ আরও বেড়েছে।
মন্দির কমিটি সূত্রে জানা গেছে, প্রতিবছর দুর্গাপূজায় দর্শনার্থীদের সামনে নতুন কিছু তুলে ধরার চেষ্টা করা হয়। সেই ভাবনা থেকেই এবার চকলেট দিয়ে দুর্গাপ্রতিমা তৈরির পরিকল্পনা নেওয়া হয়। প্রতিমাটি নির্মাণ ও সাজসজ্জায় ব্যয় হয়েছে প্রায় ৮০ হাজার টাকা।
তাহেরপুর শ্রীশ্রী গঙ্গামাতা মন্দির কমিটির সাধারণ সম্পাদক দ্বীজেন হালদার বলেন, প্রতিবছরই দর্শনার্থীদের জন্য ব্যতিক্রমী কিছু করার চেষ্টা থাকে তাঁদের। এরই ধারাবাহিকতায় এবার কয়েন চকলেট দিয়ে দুর্গাপ্রতিমা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমাটির মূল কারিগর নাটোরের প্রতিমাশিল্পী নীল কুমার দাস। তাঁর নিপুণ হাতে প্রায় ১০ হাজার পিস কয়েন চকলেট প্রতিমার সাজসজ্জায় ব্যবহার করা হয়েছে।
মন্দির কমিটির সভাপতি শিবেন হালদার বলেন, চকলেট দিয়ে তৈরি প্রতিমাটি এবারের দুর্গোৎসবে নতুন মাত্রা যোগ করেছে। অভিনব এ আয়োজন দেখতে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসছেন। তাঁদের নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে পূজা উপভোগের জন্য কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।