রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
07 Nov, 2026

তানোরে সার ডিলার নিয়োগ নিয়ে প্রশ্ন, ডিসির কাছে তদন্তের আবেদন

নিজস্ব প্রতিবেদক : ১৪ অক্টোবর ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ১৪ অক্টোবর ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন
তানোরে সার ডিলার নিয়োগ নিয়ে প্রশ্ন, ডিসির কাছে তদন্তের আবেদন

 সার ডিলার নিয়োগে যোগ্যতা যাচাই ও নির্ধারিত শর্ত অনুসরণ নিয়ে প্রশ্ন তুলে রাজশাহীর তানোরে একটি নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে সার ও বীজের ব্যবসা পরিচালনা করেও তিনি ডিলারশিপ পাননি; বরং প্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত পূরণ না করার পরও অন্য একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ঘটনায় নিয়োগপ্রক্রিয়া নিয়ে নিরপেক্ষ তদন্ত চেয়ে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি কাজী শহিদুল ইসলাম বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মেসার্স শামীমা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আমিনুল ইসলাম। তবে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান জানিয়েছেন, সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম হয়নি। অভিযোগের বিষয়টি তাঁর জানা নেই বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) দেওয়া লিখিত অভিযোগে আমিনুল ইসলাম উল্লেখ করেন, তানোর উপজেলার ১ নম্বর কলমা ইউনিয়নের বিল্লী বাজারে দীর্ঘদিন ধরে সার ও বীজের ব্যবসা করছেন তিনি। সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত প্রক্রিয়ায় ১০৬ নম্বর আবেদনের মাধ্যমে ডিলারশিপের জন্য আবেদন করেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। তাঁর অভিযোগ, প্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত যথাযথভাবে যাচাই না করেই ‘তান্স এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

লিখিত অভিযোগে ‘তান্স এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রতিষ্ঠানটির নিজস্ব বা ভাড়াকৃত গুদামঘর রয়েছে কি না এবং সার ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় অভিজ্ঞতা আছে কি না, তা যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না—সেটি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অভিযোগকারী।

অভিযোগে আরও বলা হয়, কলমা বাজারে আগে থেকেই ‘শাহ এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠান সার ডিলার হিসেবে নিয়োজিত রয়েছে। এ অবস্থায় একই বাজারে নতুন করে ডিলার নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য নীতিমালা অনুসরণ করা হয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন আমিনুল ইসলাম। তাঁর মতে, নিয়োগের ক্ষেত্রে ব্যবসায়িক অভিজ্ঞতা, গুদামসুবিধা ও অন্যান্য আবশ্যকীয় শর্ত যথাযথভাবে বিবেচনা করা হয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন।

আমিনুল ইসলামের দাবি, ডিলারশিপের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ, ভাড়াকৃত গুদামঘর এবং দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাঁর আবেদন যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। এ কারণে নিয়োগপ্রক্রিয়ায় কোনো অনিয়ম, অসংগতি বা নীতিমালার ব্যত্যয় ঘটেছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট নিয়োগ বাতিলসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, সার ডিলার নিয়োগে অনিয়মের কোনো ঘটনা ঘটেনি। তবে জেলা প্রশাসকের কাছে দায়ের করা অভিযোগের বিষয়টি তাঁর জানা নেই বলে উল্লেখ করেন তিনি।

অভিযোগকারীর ছেলে ও তানোর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তাঁর বাবা দীর্ঘদিন ধরে সার ও বীজের ব্যবসা করলেও ডিলারশিপ পাননি। অথচ তাঁর ভাষ্য অনুযায়ী, যাঁকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে, তিনি সার ব্যবসায়ী নন। এ কারণে নিয়োগপ্রক্রিয়া তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

তবে এ ব্যাপারে তান্স এন্টারপ্রাইজের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

সংশ্লিষ্টরা জানান, সার ডিলার নিয়োগে যোগ্যতা যাচাই, গুদামসুবিধা ও ব্যবসায়িক অভিজ্ঞতার শর্ত যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নির্ধারণে অভিযোগের বিষয়গুলো যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠানের যোগ্যতা এবং নিয়োগপ্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা খতিয়ে দেখার মাধ্যমে অভিযোগের প্রকৃত চিত্র স্পষ্ট হতে পারে মনে করেন তারা।