দীর্ঘদিনের ভোগান্তির অবসান, সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের উন্নয়নকাজ
দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে রাজশাহী মহানগরীর হেতেমখাঁ বড় মসজিদ থেকে বর্ণালী মোড় পর্যন্ত সড়কের উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহনচালকেরা। নাগরিক দুর্ভোগ লাঘবে সড়কটি পরিদর্শন করে দ্রুত উন্নয়নকাজ শেষ করার নির্দেশনা দিয়েছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তাঁর সেই নির্দেশনার পর সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন হয়।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সড়কটির কার্পেটিং ও সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি সড়কের উন্নয়নকাজের গুণগত মান ও বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি কার্পেটিংয়ের ফিনিশিং যথাযথভাবে সম্পন্ন করা এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এর আগে গত ২৬ এপ্রিল হেতেমখাঁ বড় মসজিদ থেকে বর্ণালী মোড় পর্যন্ত সড়কটি পরিদর্শন করেন রাসিক প্রশাসক। তখন নাগরিকদের চলাচলের দুর্ভোগ লাঘবে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সড়কের উন্নয়নকাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের নির্দেশনা দেন তিনি। তাঁর সেই নির্দেশনার পর সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন হয়।
সড়কটির উন্নয়নকাজ শেষ হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। তাঁদের মতে, দীর্ঘদিন ধরে সড়কটির কাজ বন্ধ থাকায় চলাচলে নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়েছে। বিশেষ করে রিকশাচালকদের যাত্রী নিয়ে চলাচলে সমস্যার পাশাপাশি যানবাহনের ক্ষতির আশঙ্কাও ছিল। কাজ শেষ হওয়ায় এখন সড়কটি দিয়ে চলাচল সহজ হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দা মোঃ ফায়সাল আহমেদ বলেন, “দীর্ঘদিন ধরে বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কটির কাজ বন্ধ ছিল। এতে আমাদের চলাচলে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন দায়িত্ব নেওয়ার পর কাজটি দ্রুত শেষ করার উদ্যোগ নেন। সড়কটির কাজ সম্পন্ন হওয়ায় আমরা অনেক খুশি। তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
রিকশাচালক আজিজুল ইসলাম বলেন, “সড়কটি দীর্ঘদিন খারাপ অবস্থায় পড়ে ছিল। রিকশা চালানোর উপযোগী ছিল না। যাত্রী নিয়ে চলাচল করতে অনেক কষ্ট হতো, রিকশারও ক্ষতি হতো। এখন সড়কটির কাজ শেষ হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। যাত্রী নিয়ে সহজে চলাচল করতে পারব।”
স্থানীয় বাসিন্দা মো. রহিম বলেন, “একটি গুরুত্বপূর্ণ সড়কের কাজ দীর্ঘদিন ধরে পড়ে থাকায় এলাকাবাসীকে ভোগান্তি পোহাতে হয়েছে। রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন দায়িত্ব গ্রহণের পর বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত কাজ সম্পন্ন করেছেন। রাসিক প্রশাসককে ধন্যবাদ জানাই।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মোঃ মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।