গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে এনসিপির তালা দেওয়ার ঘটনায় প্রশাসনের মামলা
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের তালা দেওয়ার ঘটনায় মামলা করেছে উপজেলা প্রশাসন। এদিকে, এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।
সোমবার (১২ অক্টোবর) রাতে গোদাগাড়ী মডেল থানায় মামলাটি করা হয়। উপজেলা প্রশাসনের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোক্তার হোসেন বাদী হয়ে এনসিপির নেতাকর্মীসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। ইউএনও কার্যালয়ে তালা দিয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি ও জনভোগান্তি ঘটানোর অভিযোগে এ মামলা করা হয়েছে।
মামলার পরদিন মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ইউএনও কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে গোদাগাড়ী উপজেলা ও বিভিন্ন পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। গোদাগাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে ইউএনও কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিএনপি নেতারা ইউএনও কার্যালয়ে তালা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাঁরা এ ঘটনাকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে এর সঙ্গে জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং পলাতক ফ্যাসিবাদের দোসররা জড়িত বলে অভিযোগ করেন। একই সঙ্গে ‘মব কালচার’-এর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রশাসনের কাজে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তাঁরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডেও অংশীদার হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতারা।
সমাবেশে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সহসভাপতি মোস্তফা ও নাসির উদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক মাহবুব, কাঁকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল সরকার ও সাধারণ সম্পাদক হাবিবুর, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল হক টুকু, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মালেক মাস্টার, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম ও সদস্য ডালিম, গোদাগাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ ও সদস্যসচিব বাবু, কাঁকনহাট পৌর যুবদলের আহ্বায়ক মশি ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরসালান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বিদ্যুৎ ও সদস্যসচিব কাওসার এবং পৌর ছাত্রদলের মোবিনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।
এর আগে সোমবার দুপুরে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তুলে ইউএনও ইসরাত জাহানের অপসারণের দাবিতে তাঁর কার্যালয় ঘেরাও করেন এনসিপির নেতাকর্মীরা। তাঁরা উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন। একপর্যায়ে ফটকে তালা দিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।