রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
07 Nov, 2026

দুর্গাপূজা উপলক্ষে ৮৫ পূজামণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক : ১১ অক্টোবর ২০২৬ ০৯:২৯ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ১১ অক্টোবর ২০২৬ ০৯:২৯ অপরাহ্ন
দুর্গাপূজা উপলক্ষে ৮৫ পূজামণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

 শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে মোট ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

রোববার (১১ অক্টোবর) দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করাই সবার লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলো প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে রাসিকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, রাজশাহীকে গ্রিন সিটি ও ক্লিন সিটির পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চায় রাসিক। এ লক্ষ্য অর্জনে নগরবাসীসহ সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

সভায় পূজামণ্ডপের নেতৃবৃন্দ ওয়াই-ফাই সংযোগের দাবি জানান। এ সময় রাসিক প্রশাসক প্রতিটি পূজামণ্ডপে ওয়াই-ফাই সংযোগের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নজরুল ইসলাম ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন এবং এসআরবি-৫-এর সহকারী পুলিশ সুপার মো. আশরাফ। সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন এবং প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠনের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া ৮৫টি পূজামণ্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মণ্ডপ ও বিসর্জনঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, আশপাশের সড়ক মেরামত ও পরিচ্ছন্ন রাখা এবং বিসর্জন নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিসর্জনের সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রয়োজনীয় সরঞ্জামসহ ডুবুরি দল মোতায়েন এবং যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার বিষয়েও আলোচনা হয়।

রাসিকের অনুদান পাওয়া মহানগরীর ৮৫টি পূজামণ্ডপের মধ্যে রয়েছে- ভেড়িপাড়া পুলিশ লাইনের সামনে কেশবপুর শিবমন্দির, বুলনপুর শিবমন্দির কমিটি, রাজশাহী কোর্ট হড়গ্রাম মন্দির, বুলনপুর হরিজন পল্লীর শ্রী শ্রী শিবমন্দির, লক্ষ্মীপুর বাগানপাড়ার শ্রী শ্রী দুর্গামাতার মন্দির, আইডি বাগানপাড়ার শিব নারায়ণ সংঘ, শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যামন্দির, লক্ষ্মীপুরের শ্রী রবিদাস ভক্ত মন্দির, বেতিয়াপাড়া পার্কের গেটসংলগ্ন শ্রী শ্রী দুর্গামন্দির, শ্রীরামপুর শিবমন্দির, চণ্ডীপুরের কালীমাতার মন্দির, ফায়ার ব্রিগেড মোড়ের নতুন সংঘ পূজা উদযাপন কমিটি, কাদিরগঞ্জের কালীমাতার মন্দির, রাজারহাতার কালীমাতার মন্দির পূজা কমিটি, শিবমন্দির পূজা কমিটি, হেতেমখাঁ হরিজন শিবমন্দির কমিটি, শেখপাড়ার শ্রী শ্রী দুর্গামাতার মিলন মন্দির, গণকপাড়ার রাজশাহী ধর্মসভা, জিরোপয়েন্টের শ্রী শ্রী গোপিনাথ দেব বিগ্রহ লক্ষ্মী নারায়ণ মন্দির ও হনুমান জিউর আখড়া, ঘোষপাড়ার পদ্মা সার্বজনীন পূজা কমিটি, কুমারপাড়ার কাবিরাজবাড়ী আনন্দময়ী পূজা মন্দির, কুমারপাড়ার সনাতন ধর্ম সংঘ, ফুদকিপাড়ার কালীমাতা মন্দির, গণকপাড়ার বৈষ্ণব সভা, মালোপাড়ার শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ দেব বিগ্রহ মন্দির, রানীবাজার টাইগার সংঘ, রানীবাজারের তারিণী মিত্রের মাঠের টাইগার পূজা কমিটি, রানীবাজার অ্যারোহেড ক্লাব, বোয়ালিয়াপাড়ার লাঠিয়াল মণ্ডপ, রামকৃষ্ণ আশ্রম, নবরূপ পূজা কমিটি, সাহেববাজার কালীমাতার মন্দির, ফুদকিপাড়ার মুন্নুজান স্কুলের সামনের কল্পতরু, ফুদকিপাড়ার গীতাঞ্জলি, কুমারপাড়ার মাতৃছায়া, ফুদকিপাড়ার আম্বিকা সংঘ, কুমারপাড়ার ঘোষপাড়া অগ্নিবীণা সংঘ প্রভৃতি।