প্রথম স্ত্রীর বাড়ি যাওয়াকে কেন্দ্র করে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনের বিরুদ্ধে। শনিবার (১০ অক্টোবর) ভোররাতে উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকায় আশরাফুলের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
আহত আশরাফুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, আশরাফুল পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় বাসের সহকারী। তারাপুরে তাঁর প্রথম স্ত্রী থাকেন। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকার জন্য তিনি মাহিন্দ্রা বাজার এলাকায় একটি বাসা ভাড়া নিয়েছিলেন। তবে মাঝেমধ্যে প্রথম স্ত্রীর বাড়িতেও যেতেন তিনি। এ নিয়ে দুই স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল বলে জানা গেছে।
ওই বিরোধের সঙ্গে ঘটনার সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে অভিযোগ উঠেছে, শনিবার ভোররাতে রেখা খাতুন ব্লেড দিয়ে তাঁর স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত আশরাফুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তিনি বর্তমানে রামেক হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তাঁর প্রথম স্ত্রীও রয়েছেন।
ওসি আরও জানান, দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।