রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
07 Nov, 2026

শিক্ষা ও নৈতিকতা বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: ভূমিমন্ত্রী মিনু

নিজস্ব প্রতিবেদক : ১০ অক্টোবর ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ১০ অক্টোবর ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন
শিক্ষা ও নৈতিকতা বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: ভূমিমন্ত্রী মিনু

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাদের সুশিক্ষিত, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন জরুরি। সরকার এ খাতকে গুরুত্ব দিয়ে কাজ করছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে রাজশাহী মহানগরীর শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে তানযীমুল উম্মাহ মাদ্রাসা, রাজশাহী শাখার বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি ছাত্র সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন তিনি।

শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, বিদ্যালয়টিতে বর্তমানে এসএসসি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণি চালু করা যায় কি না, সে বিষয়ে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, বিদ্যালয়ের খেলার মাঠগুলো ভালো রাখতে হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ পায়। শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে যাঁরা আগে অবদান রেখেছেন, তাঁদের অবদান ও প্রাপ্য সম্মান বজায় রাখারও আহ্বান জানান তিনি।

রাজশাহীর বিমানবন্দর সম্প্রসারণ প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, বিমানবন্দরটি সম্প্রসারণ করে বিদেশে দেশি মাছ রপ্তানির সুযোগ তৈরি করা যায় কি না, তা নিয়ে কাজ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত জায়গা ও জনবল প্রয়োজন। আপাতত রাজশাহী থেকে কার্গো বিমান চলাচল চালুর সম্ভাবনা খতিয়ে দেখার কথা জানান তিনি।

শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন’ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি), রাজশাহীর তত্ত্বাবধানে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হয়। ছয়তলা ভিতবিশিষ্ট ছয়তলা ভবনটিতে শ্রেণিকক্ষের পাশাপাশি পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ও বৈদ্যুতিক সুবিধা রয়েছে। প্রকল্পের তথ্য অনুযায়ী, ভবনটির দরপত্রমূল্য ৯ কোটি ৩১ লাখ ৩ হাজার ২০০ টাকা। নতুন ভবনটি চালু হওয়ায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট কমবে এবং শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

পরে তানযীমুল উম্মাহ মাদ্রাসার অনুষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিকতা, দক্ষতা ও আধুনিক শিক্ষায় সমৃদ্ধ হয়ে দেশ ও মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান ভূমিমন্ত্রী। তিনি বলেন, তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসায় হিফজ ও সাধারণ শিক্ষার পাশাপাশি নিয়মানুবর্তিতা ও নৈতিক শিক্ষার চর্চা প্রশংসনীয়। এসব গুণ অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রাখতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, সততা, দক্ষতা, কঠোর পরিশ্রম ও নিরহংকার মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। নিজেদের যোগ্য করে গড়ে তোলার পাশাপাশি দেশ ও মানবতার সেবায় আত্মনিয়োগ করতে হবে।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা অর্থসহ কোরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান পরিবেশন করে। পাশাপাশি আরবি ও ইংরেজি ভাষায় তাদের বক্তব্য অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। পরে হিফজ, সাধারণ শিক্ষা, বৃত্তি এবং ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও মেরিট অ্যাওয়ার্ড দিয়ে সম্মাননা জানানো হয়।

তানযীমুল উম্মাহ মাদ্রাসার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আব্দুল্লাহ আল মামুন। এতে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।