রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
07 Nov, 2026

আন্তর্জাতিক জুনিয়র টেনিসে ছেলেদের এককে জমজমাট লড়াই, চ্যাম্পিয়ন থাইল্যান্ডের লিকুল

জিল্লুর রহমান জয় : ১০ অক্টোবর ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন রাজশাহী
জিল্লুর রহমান জয় : ১০ অক্টোবর ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন
আন্তর্জাতিক জুনিয়র টেনিসে ছেলেদের এককে জমজমাট লড়াই, চ্যাম্পিয়ন থাইল্যান্ডের লিকুল

 রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের ছেলেদের এককের ফাইনালে জমজমাট লড়াইয়ের পর চ্যাম্পিয়ন হয়েছেন থাইল্যান্ডের লিকুল পার্টচারাপুল। শনিবার (১০ অক্টোবর) সকালে রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে চাইনিজ তাইপেইয়ের জিচে চেনকে সরাসরি দুই সেটে ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে শিরোপা জেতেন তিনি।

ফাইনালে দুই খেলোয়াড়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। প্রথম সেটে ৬-৪ গেমে জয় পাওয়ার পর দ্বিতীয় সেটেও প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে ৭-৫ গেমে জয় নিশ্চিত করেন লিকুল। ফলে এককের শিরোপা জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন থাইল্যান্ডের এই তরুণ খেলোয়াড়।

টুর্নামেন্টের রেফারি জয় মুখার্জী বলেন, ফাইনালে ওঠা দুই খেলোয়াড়ই ভালো মানের। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে তাঁরা ফাইনালে জায়গা করে নেন। ফাইনালেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয়েছে। লিকুল পার্টচারাপুল পুরো টুর্নামেন্টে ভালো খেলেছেন এবং ফাইনালেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে শিরোপা জিতেছেন।

এককের ফাইনালে পরাজিত হলেও দ্বৈতে শিরোপা জয়ের আনন্দ নিয়ে টুর্নামেন্ট শেষ করেছেন চাইনিজ তাইপেইয়ের জিচে চেন। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত ছেলেদের দ্বৈত ফাইনালে জিচে চেন ও ওয়েই-চেং ট্যাং জুটি ভারতের শিব মোহন ও আরভ ছাল্লানি জুটিকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

দ্বৈত ফাইনাল নিয়েও সন্তোষ প্রকাশ করেন টুর্নামেন্টের রেফারি জয় মুখার্জী। তিনি বলেন, দুই জুটির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। শেষ পর্যন্ত চাইনিজ তাইপেইয়ের জিচে চেন ও ওয়েই-চেং ট্যাং জুটি ভালো খেলে শিরোপা জিতে নেয়।

এদিকে মেয়েদের একক ও দ্বৈত—দুই ইভেন্টেই শিরোপা জিতেছে চীনের খেলোয়াড়েরা। মেয়েদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন চীনের জিমো সঙ। আর দ্বৈতে সিয়াং জিয়াং ও শুয়াং জু জুটি শিরোপা জিতেছেন।

গত ৫ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে শুরু হয় ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্ট। এতে স্বাগতিক বাংলাদেশসহ ১০টি দেশের শতাধিক খেলোয়াড় অংশ নেন। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশের তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণে রাজশাহীতে প্রাণবন্ত হয়ে ওঠে জুনিয়র টেনিসের আয়োজন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী টেনিস কমপ্লেক্সের অ্যাডহক কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু প্রমুখ।