নদী গবেষণায় অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড পাওয়ায় মাহবুব সিদ্দিকীকে সংবর্ধনা
বাংলাদেশের নদ-নদী নিয়ে দীর্ঘদিনের গবেষণার স্বীকৃতিস্বরূপ ‘মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড-২০২৬’ (Mark Angelo River Award 2026) পেয়েছেন গবেষক, লেখক ও ইতিহাসবিদ রাজশাহীর কৃতী সন্তান মাহবুব সিদ্দিকী। তাঁর এ অর্জনে সংবর্ধনা দিয়েছে হেরিটেজ রাজশাহী ও গণঅভ্যুত্থান ২৪ পরিষদ রাজশাহী।
শুক্রবার বিকেলে নগরীর শাহমখদুম কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের নদ-নদী নিয়ে দীর্ঘদিনের গবেষণা ও কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ইমপ্রেস গ্রুপ ও রিভার ফাউন্ডেশন যৌথভাবে তাঁকে এ পুরস্কার দিয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী কোর্টের সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট মাইনুল আহসান পান্না, বরেন্দ্র জাদুঘরের পরিচালক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মো. নাফিজ, নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ ড. রেজাউল করিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দিল আরা এবং ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহানাজ পারভীন।
এ ছাড়া বক্তব্য দেন হেরিটেজ রাজশাহীর সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান লাভলু, নজরুল পরিষদের সভাপতি মোস্তাক রহমান, অধ্যাপক ড. মোস্তফা তারিকুল আহসান, গণঅভ্যুত্থান ২৪ পরিষদের সাধারণ সম্পাদক সোহেল মাহবুব, তাহেরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম শান্তি, জাসাস রাজশাহী মহানগরের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রজব আলী ও অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কথাশিল্পী মঈন শেখ।