রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
08 Nov, 2026

শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক : ০৭ অক্টোবর ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ০৭ অক্টোবর ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন
শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক

 ‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে নগর ভবনের সিটি হলরুমে শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ সম্মাননা অর্জন উপলক্ষে আয়োজিত ‘অংশীজন সম্মিলন’ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে রাসিকের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে বিশেষ সম্মাননা হিসেবে পাওয়া ক্রেস্ট ও সনদপত্র উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নাগরিকদের সেবা দিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধনে এই পুরস্কার অর্জন একটি অনন্য স্বীকৃতি। এ অর্জন ভবিষ্যতে নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।

তিনি বলেন, এ অর্জন স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রমের ফল। এ কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। একই সঙ্গে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য নগরবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। অর্জিত এই বিশেষ সম্মাননা আমি রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করছি।

রাসিক প্রশাসক বলেন, তাঁর জানা মতে, ২০০৪ সালে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সন্তানের পিতার নামের পাশাপাশি মায়ের নাম যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে।

তিনি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের পাশাপাশি নগরবাসীর জীবনযাত্রা সহজ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ফুটপাত দখলমুক্ত করতে ইতোমধ্যে মহিলা কলেজ রোডে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। নাগরিক ভোগান্তি কমাতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, নগরীতে সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক নির্মাণ, খেলার মাঠের উন্নয়ন ও ফুটসাল গ্রাউন্ড তৈরি, দৃষ্টিনন্দন সিটি গেট নির্মাণ এবং যানজট নিরসনে অটোরিকশা ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার মতো উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজশাহী মহানগরীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক, বাসযোগ্য, নিরাপদ ও শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে তিনি নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।

কাউন্সিলরদের পক্ষে ২৫ ও ২৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক, নিবন্ধকদের পক্ষে ভেটেরিনারি সার্জন ডা. ফরহাদ হোসেন, ১৫ নম্বর ওয়ার্ড সচিব ওবাইদুর রহমান এবং ইপিআই স্টোরকিপার ফিরোজা বেগম রেখা বক্তব্য দেন।

রাসিকের সচিব সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ফয়সল তারেক, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী।

এ ছাড়া রাসিকের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, টিম লিডার, স্বাস্থ্য সহকারী, অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।