রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
04 Nov, 2026

রাজশাহীতে অপ-সাংবাদিকতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা চেয়ে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক : ০৩ অক্টোবর ২০২৬ ১১:৫৯ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ০৩ অক্টোবর ২০২৬ ১১:৫৯ অপরাহ্ন
রাজশাহীতে অপ-সাংবাদিকতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা চেয়ে স্মারকলিপি

রাজশাহীতে সাংবাদিকতার পরিচয়ের অপব্যবহার, অপ-সাংবাদিকতা ও পেশাবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধ এবং পেশাদার সাংবাদিকদের জন্য নিরাপদ ও সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করতে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।

রাজশাহীতে সাংবাদিকদের পক্ষ থেকে শুক্রবার দেওয়া এ স্মারকলিপিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা দীর্ঘদিন ধরে জনস্বার্থে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করে আসছেন। আইনশৃঙ্খলা, অপরাধ, দুর্নীতি, অনিয়ম, জনদুর্ভোগ ও নাগরিক সমস্যাসহ বিভিন্ন বিষয়ে জনগণকে তথ্য দিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তবে স্মারকলিপিতে অভিযোগ করা হয়, কিছু ব্যক্তি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অনৈতিক ও পেশাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন। প্রকৃত গণমাধ্যমকর্মী না হয়েও সাংবাদিক বা সংবাদকর্মীর পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন, সুবিধা আদায় কিংবা ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলের চেষ্টা করা হচ্ছে বলেও এতে উল্লেখ করা হয়।

সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন বা অন্য কোনো আইনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড সাংবাদিকতার পেশাগত মর্যাদা ও গণমাধ্যমের প্রতি মানুষের আস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে প্রকৃত সাংবাদিকরা যাতে হয়রানি বা পেশাগত দায়িত্ব পালনে বাধার মুখে না পড়েন, সে বিষয়েও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

এ জন্য কোনো ব্যক্তি প্রকৃত গণমাধ্যমকর্মী কি না, তা সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিক সংগঠনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যাচাই, সাংবাদিকতার পরিচয়পত্র বা গণমাধ্যমের নামের অপব্যবহার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ এবং পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া পুলিশ ও সাংবাদিকদের মধ্যে নিয়মিত মতবিনিময় ও সমন্বয় জোরদার, সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর ব্যবস্থা এবং অভিযোগের ক্ষেত্রে ব্যক্তির পরিচয়ের পরিবর্তে সংশ্লিষ্ট কর্মকাণ্ডের আইনগত দিক বিবেচনার অনুরোধ করা হয়েছে।

সাংবাদিকতার স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার অক্ষুণ্ন রেখে অপ-সাংবাদিকতা ও পরিচয়ের অপব্যবহারের অভিযোগে প্রমাণভিত্তিক ও নিরপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের জন্য সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয় স্মারকলিপিতে।

স্মারকলিপির অনুলিপি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং রাজশাহী মহানগর বিএনপির সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হয়েছে।