রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
04 Nov, 2026

রাজশাহীতে ১২০০ রানারের অংশগ্রহণে ‘রান ফর সিল্ক সিটি’

নিজস্ব প্রতিবেদক : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২০ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২০ অপরাহ্ন
রাজশাহীতে ১২০০ রানারের অংশগ্রহণে ‘রান ফর সিল্ক সিটি’

 ঐতিহ্যবাহী রেশম শিল্পের শহর রাজশাহীকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং ‘সিল্ক সিটি’ হিসেবে নগরীর পরিচিতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১ হাজার ২০০ রানার এতে অংশ নেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়। সিল্ক সিটি রানার্স কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত এ ম্যারাথনের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

জাতীয় পতাকা উত্তোলনের পর ফিতা কেটে ম্যারাথনের উদ্বোধন করা হয়। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারি ও সাহেববাজার হয়ে হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের সামনে গিয়ে দৌড়টি শেষ হয়।

ম্যারাথন শেষে সেখানে মেডেল বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ, সিল্ক সিটি রানার্স কমিউনিটির প্রধান উপদেষ্টা মাহফুজুল হাসনাইন হিকোল, এনসিসি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক ওমর শরীফ, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল নাঈম আব্দুল্লাহ এবং সিল্ক সিটি রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম সানি। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা মোসা. রিক্তা পারভিন।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী শুধু শিক্ষানগরী নয়, ঐতিহ্যবাহী রেশম শিল্পের জন্যও পরিচিত। ‘সিল্ক সিটি’ হিসেবে রাজশাহীর ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতায় সিল্ক সিটির ঐতিহ্য পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে রাজশাহী আরও আধুনিক, সুন্দর ও সমৃদ্ধ সিল্ক নগরীতে পরিণত হবে।

রাসিক প্রশাসক বলেন, রাজশাহীকে সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর মহানগর হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে সুস্থ প্রজন্ম গড়ে তোলার পাশাপাশি রাজশাহীর ঐতিহ্য ও সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।

আয়োজকরা জানান, রাজশাহীতে এবারই প্রথম এত বড় পরিসরে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। নারী, পুরুষ, শিশু, কিশোর ও বয়স্কসহ বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

রাজশাহীর রেশম শিল্প ও ‘সিল্ক সিটি’ পরিচিতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চা এবং দৌড়ের মাধ্যমে সুস্থ জীবনযাপনে মানুষকে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে জানান আয়োজকরা