রামেক হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রলুব্ধ করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার অভিযোগে দালাল চক্রের সাত সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রামেক হাসপাতালের বহির্বিভাগে অভিযান চালিয়ে তাদের আটক করে এসআরবি-৫-এর একটি দল। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, চক্রটির সদস্যরা রামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের বিভিন্নভাবে প্রলুব্ধ ও প্রতারণার মাধ্যমে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতেন। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কথা বলে রোগী ও তাঁদের স্বজনদের কাছ থেকে অর্থ নেওয়া হতো।
এসআরবি-৫-এর মেজর কবির বলেন, রোগীদের প্রতারণার হাত থেকে রক্ষা এবং হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের কার্যক্রম বন্ধ করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। রোগী ও স্বজনদের হয়রানি ও প্রতারণা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।