রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
আন্তর্জাতিক
06 Nov, 2026

হরমুজে ভারতকে পাশে চায় ফ্রান্স

অনলাইন ডেস্ক : ২২ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫১ অপরাহ্ন আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক : ২২ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫১ অপরাহ্ন
হরমুজে ভারতকে পাশে চায় ফ্রান্স
ছবি সংগৃহীত

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক অঙ্গনেও জোরেশোরে তৎপরতা শুরু হয়েছে। জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশ দফায় দফায় আলোচনা করছে। এরই মধ্যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে ভারতের সঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছে ফ্রান্স।

সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ নোয়েল বারো। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

একই দিনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গেও আলাদা বৈঠক করেন বারো। এসব বৈঠকে হরমুজ প্রণালির পরিস্থিতি, জ্বালানি সরবরাহ এবং ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত নিয়ে আলোচনা হয়।

জয়শঙ্করের সঙ্গে বৈঠকে হরমুজ ও বাব আল মান্দেব প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন দুই মন্ত্রী। এ বিষয়ে ফ্রান্সের সঙ্গে যৌথভাবে কাজ করতে ভারতের প্রতি আহ্বান জানান বারো।

ইউরোপ ও এশিয়ার স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। এসময় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে ফ্রান্স ও যুক্তরাজ্যের নেওয়া উদ্যোগের কথাও তুলে ধরেন বারো।

একই সঙ্গে, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং কার্যকর ও সংস্কার করা বহুপক্ষীয় ব্যবস্থার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কারের প্রয়োজনীয়তার কথাও এসময় সামনে আনেন তারা।

এদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বারো। এসময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতায় পাকিস্তানের উদ্যোগকে স্বাগত জানান তিনি।

পাশাপাশি, জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে যতটা সম্ভব বেশি পক্ষকে নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন বারো।