রাজশাহীতে আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
রাজশাহীর ডিঙ্গাডোবা ক্যাথলিক গোরস্থানের অভ্যন্তরে ইউনিব্লক সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। রাজশাহী সিটি কর্পোরেশনের লোকাল গভর্মেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) প্রকল্পের আওতায় এসব কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্পের আওতায় গোরস্থানের অভ্যন্তরে ইউনিব্লক সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণের পাশাপাশি মাটি ভরাট ও ছাউনি নির্মাণ করা হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, নগরীর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সিটি কর্পোরেশন কাজ করছে। এরই ধারাবাহিকতায় ডিঙ্গাডোবা ক্যাথলিক গোরস্থানের উন্নয়ন কাজ শুরু হয়েছে। তিনি কাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে তা সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পরিত্যক্ত টায়ার, ডাবের খোসাসহ যেসব স্থানে পানি জমে মশার প্রজননস্থল তৈরি হতে পারে, সেগুলো অপসারণ করতে হবে।
অনুষ্ঠানে রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও বলেন, দীর্ঘদিন ধরে ডিঙ্গাডোবা ক্যাথলিক গোরস্থানের উন্নয়নের জন্য তারা চেষ্টা চালিয়ে আসছিলেন। প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সহযোগিতায় এবার উন্নয়ন কাজ শুরু হওয়ায় তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ডিঙ্গাডোবা ক্যাথলিক গোরস্থান পরিচালনা কমিটির সভাপতি ফাদার ফাবিয়ান মারান্ডি, সেক্রেটারি সুবাস কস্তা, কমিটির সদস্য শিরিল মূর্ম, মধু মূর্ম ও মেরি হেমরমসহ গোরস্থান ও চার্চ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল-মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী সাকিব আরাফাত বিহগ, সার্ভেয়ার রক্তাভো রহমান রোকনসহ সংশ্লিষ্ট প্রকৌশলীরা এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে রাসিক প্রশাসক উপস্থিত ব্যক্তিদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।