শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
রাজশাহী
11 Sep, 2026

রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৯ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৯ অপরাহ্ন
রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

রাজশাহীতে একটি সংবাদ প্রকাশের জেরে ‘দৈনিক সকালের সময়’ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান মো. শাহিনুর রহমান সোনাকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি ও অপবাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডি সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর ‘দৈনিক সকালের সময়’ পত্রিকার অনলাইন ভার্সনে এবং পরদিন ৬ সেপ্টেম্বর প্রিন্ট ভার্সনে “সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনটি প্রকাশের পর ৮ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৩টা ৫৭ মিনিটে বোয়ালিয়া থানাধীন অলোকার মোড়ে নিজ কর্মস্থলে অবস্থানকালে সাংবাদিক শাহিনুরের ব্যক্তিগত মোবাইল নম্বরে একটি অজ্ঞাত নম্বর (০১৭১৪৮১৪৯৮১) থেকে কল আসে। জিডিতে উল্লেখ করা হয়েছে, কলদাতা সংবাদটি নিয়ে তাকে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপবাদ দেন। একপর্যায়ে সুযোগ পেলে বড় ধরনের ক্ষতি করার ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

জিডিতে আরও উল্লেখ করা হয়েছে, হুমকিদাতা নিজেকে বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা এবং দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিকটাত্মীয় হিসেবে পরিচয় দেন। তবে তার পরিচয় ও অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনার পর সাংবাদিক শাহিনুর রহমান সোনা বোয়ালিয়া মডেল থানায় গিয়ে জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেন। জিডি নম্বর ৫৪২, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারী জিডিটি গ্রহণ করে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে সাংবাদিক শাহিনুর রহমান সোনা বলেন, “পেশাগত কারণে এবং একটি সংবাদ প্রকাশের জেরে এমন হুমকির মুখে পড়তে হয়েছে। এতে আমি ও আমার পরিবার চরম আতঙ্কে আছি। আশা করি, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।”