রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
08 Nov, 2026

বজ্রপাত প্রতিরোধে তালগাছ রোপণ সময়োপযোগী উদ্যোগ: ভূমিমন্ত্রী মিনু

নিজস্ব প্রতিবেদক : ২৯ আগস্ট ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ২৯ আগস্ট ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন
বজ্রপাত প্রতিরোধে তালগাছ রোপণ সময়োপযোগী উদ্যোগ: ভূমিমন্ত্রী মিনু

ক্রমবর্ধমান বজ্রপাতের ঝুঁকি মোকাবিলা এবং জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় তালগাছ রোপণ অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, শুধু তালগাছ নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্যান্য বৃক্ষও ব্যাপকভাবে রোপণ করতে হবে। একইসঙ্গে রোপণ করা গাছ বড় হওয়া পর্যন্ত নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।

শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ক্যাম্পাসে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় তালগাছ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, তালগাছ রোপণের পাশাপাশি অন্যান্য বৃক্ষও ব্যাপকভাবে রোপণ করতে হবে। তবে শুধু গাছ লাগালেই হবে না, গাছ বড় হওয়া পর্যন্ত এর যথাযথ যত্ন নিতে হবে। বিশেষ করে তালগাছের রক্ষণাবেক্ষণ কিছুটা কঠিন। তাই রোপণের পর তালগাছগুলো যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সে জন্য নিয়মিত পরিচর্যা করতে হবে।

তিনি বলেন, তালগাছ রোপণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে রোপণের জন্য চারা বিতরণ করা হচ্ছে—এটি অত্যন্ত ভালো উদ্যোগ। পরিবেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে আরও বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। শুধু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে রোপণ করা প্রতিটি গাছের পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্বও নিতে হবে।

কারাগারে থাকার সময়ের স্মৃতিচারণ করে মিজানুর রহমান মিনু বলেন, রাজনীতি করার কারণে দীর্ঘ সময় রাজশাহী কারাগারে ছিলেন তিনি। মেয়র থাকাকালে কারাগারে কিছু গাছ লাগিয়েছিলেন। সেই গাছগুলো এখন অনেক বড় হয়েছে। এসব গাছে এখন শত শত পাখি আশ্রয় নিচ্ছে। গাছগুলোর ছায়ায় হাজতি ও কয়েদিরা বিশ্রাম নেন।

তিনি আরও বলেন, গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকৃতিকে বাঁচাতে হলে বেশি করে গাছ লাগাতে হবে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ জন্য তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

পরে ভূমিমন্ত্রী অন্যান্য অতিথির সঙ্গে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে একটি তালগাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানের হাতে তালগাছের চারা তুলে দেওয়া হয়।

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার ফয়সাল আলমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।