তৃণমূলকে শক্তিশালী করতে দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে: অধ্যাপক মুজিবুর এমপি
তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে দক্ষ, সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মো. মুজিবুর রহমান। শনিবার (২৯ আগস্ট) বিকেলে রাজশাহীর মসজিদ মিশন একাডেমির হলরুমে ইউনিয়ন, পৌরসভা আমির/সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমির অধ্যাপক মো. আব্দুল খালেকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. গোলাম মুর্তজার সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, রাজশাহী জেলার সাবেক আমির মাওলানা মো. আমিনুল ইসলাম ও মো. রেজাউর রহমান।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, একটি আদর্শভিত্তিক সংগঠনের মূল শক্তি তৃণমূলের দায়িত্বশীলরা। তাই ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের আমির/সভাপতি ও সেক্রেটারিদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত অধ্যয়ন, প্রশিক্ষণ ও আত্মগঠনের মাধ্যমে যোগ্যতা বৃদ্ধি করতে হবে।
তিনি বলেন, দায়িত্বশীলদের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা ও প্রত্যাশা বুঝতে হবে। একজন দায়িত্বশীলের ব্যক্তিগত চরিত্র, সততা, শৃঙ্খলা ও আচরণের মধ্য দিয়েই সংগঠনের আদর্শের প্রতিফলন ঘটাতে হবে।
তিনি আরও বলেন, সাংগঠনিক কার্যক্রমকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় পরিকল্পিতভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে। কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, নতুন নেতৃত্ব তৈরি এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করতে হবে।
শিক্ষা শিবিরে রাজশাহী জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের আমির/সভাপতি ও সেক্রেটারিরা অংশ নেন। এতে দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আত্মগঠন, নেতৃত্বের বিকাশ এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।